ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে যুবদল নেতা খুন

প্রকাশ্যে গুলি করা ইলিয়াস গ্রেপ্তার

প্রকাশ্যে গুলি করা ইলিয়াস গ্রেপ্তার
×

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ১৯:৫৪

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অন্যতম আসামি মো. ইলিয়াস ওরফে ধামা ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত তাকে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন।

আজ মঙ্গলবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে সোমবার ঢাকার একটি এলাকা থেকে ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়। তিনি সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম জেলা আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) হাবিবুর রহমান জানান, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

গত ১৩ জুন দুপুরে রাউজানের চৌমুহনী বাজারে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় উত্তর জেলা যুবদলের নেতা মাসুদুল হক চৌধুরীকে। তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় তার বড় ভাই ও বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পেয়ারুল হক চৌধুরী বাদী হয়ে হত্যা মামলা করেন।

পরিবারের দাবি, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন মাসুদুল। 

পুলিশের প্রাথমিক ধারণা, কর্ণফুলী নদীর বালুমহালের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

পুলিশ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে অস্ত্র হাতে ইলিয়াসকে দেখা গেছে। তার বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ মোট ১৮টি মামলা রয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ইলিয়াস ও দিদারুল প্রথমে মাসুদুল হককে লক্ষ্য করে গুলি করেন। পরে ইউসুফ, জাহেদ ও আবছার এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে আরও কয়েক রাউন্ড গুলি ছোড়েন।

ঘটনাস্থলটি রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের কার্যালয় থেকে মাত্র কয়েক শ গজ দূরে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রাণ বাঁচাতে দৌড়ানোর সময় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান মাসুদুল। তখন পিছু ধাওয়া করা অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে একের পর এক গুলি চালায়। পরে তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থল ত্যাগ করে।

আরও পড়ুন

×