ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জ

নাসীরুদ্দিন পাটওয়ারী ও সারজিস আলমসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ ছাত্রদলের

নাসীরুদ্দিন পাটওয়ারী ও সারজিস আলমসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ ছাত্রদলের
×

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দিন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ | ১১:৩৮ | আপডেট: ৩১ জুলাই ২০২৬ | ১২:১৬

হবিগঞ্জ শহরে ছাত্রদলের ওপর হামলার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দিন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন বাদী হয়ে অভিযোগটি দাখিল করেন।

অভিযোগে নাম উল্লেখ করা অন্য আসামিরা হলেন-এনসিপির হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল, সদস্যসচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন, প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক, জাতীয় শক্তি হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নুর আলম চৌধুরী, ফখরুদ্দিন জাকি, মো. আব্দুল হাই কামাল, রুহাম গাজী ও ওয়াদুদ মাহমুদ চৌধুরী।

অভিযোগে বলা হয়, গত মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং শোকসভায় অংশ নিতে নেতাকর্মীরা হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে জড়ো হন। এ সময় এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালান। এতে জেলা ছাত্রদলের নেতা মাহফুজ চৌধুরী ও মোজাক্কির হোসেন ইমনসহ কয়েকজন আহত হন।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় বাদীসহ ছাত্রদলের নেতাদের কাছ থেকে চারটি আইফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়।

এর আগে একই দিনে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের ওপর এনসিপির নেতারা হামলা করেছেন এবং কয়েকটি আইফোনসহ অর্থকড়ি ছিনিয়ে নিয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, গভীর রাতে তিনি অভিযোগটি পেয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
 

আরও পড়ুন

×