গর-ত্রিবেদীর বৈঠক প্রসঙ্গে জামায়াত আমির
এটা যদি সৌজন্য সাক্ষাৎ হয়, সেটা ভিন্ন কথা
ডা. শফিকুর রহমান
সিলেট ব্যুরো
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ | ০৭:৪৩
| প্রিন্ট সংস্করণ
ঢাকায় তিন দিনের সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর। এর মধ্যে গত শুক্রবার রাজধানীর একটি হোটেলে তিনি বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন। এ বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জামায়াতের আমির বলেন, তারা ভারতে বসে কথা বলতেই পারেন। তিনি তো (সার্জিও গর) ভারতের রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের (দীনেশ ত্রিবেদী) সঙ্গে কথা বলা, এটা যদি সৌজন্য মোলাকাত হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে, সেটা (বাংলাদেশ) সরকারের সঙ্গেই হওয়া উচিত, বিরোধী দলের সঙ্গে হওয়া উচিত। পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সঙ্গে এটা আমাদের কাম্য না।
গতকাল শনিবার দুপুরে সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব হিসেবে মো. সামসুল আলমকে নিয়োগ দিয়েছে সরকার। এই নিয়োগের প্রতি ইঙ্গিত করে জামায়াতের আমির বলেন, সরকার কিছু প্রক্রিয়া শুরু করেছে, এতে আমরা উদ্বিগ্ন। একজন দলীয় লোক পাঁচ-সাত বছর আগে যিনি অবসর নিয়েছেন। একেবারে খাস দলীয় লোক, তাঁকে নির্বাচন কমিশনে পোস্টিং দিয়ে পদায়ন করা হয়েছে।
তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেখে আমরা এমনিই শঙ্কিত। আবার যদি এই ধরনের পাঁয়তারা চলে, তাহলে নির্বাচনের বিষয়ে সরকারের সদিচ্ছা নিয়েই পুরো জাতির মধ্যে উদ্বেগ দেখা দেবে।
শফিকুর রহমান সরকারের বিভিন্ন দিক নিয়েও সমালোচনা করেন। দুর্নীতি বন্ধ করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দলকে নিয়ন্ত্রণ করার দায়িত্বও তাঁকে নিতে হবে। তাঁকেই সারাদেশের দায়িত্ব নিতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে।
বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় গণভোট প্রসঙ্গে নিজেদের অবস্থান বদলে ফেলেছে বলেও অভিযোগ করেন জামায়াতের আমির। তিনি বলেন, সবাই গণভোটের পক্ষে কথা বলেছে, হঠাৎ করে তাঁরা বদলে গেলেন কেন?
এর আগে জামায়াতে ইসলামীর আমির পত্রিকাটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নূরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য আব্দুর রব, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম প্রমুখ।
- বিষয় :
- ডা. শফিকুর রহমান