খুলনায় আশ্রয় কেন্দ্রে ১ লাখ ২০ হাজার মানুষ
কয়রা উপজেলার একটি আশ্রয় কেন্দ্র থেকে তোলা- সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯ | ০৩:০২ | আপডেট: ০৯ নভেম্বর ২০১৯ | ০৫:৪৩
ঘূর্ণিঝড় বুলবুল-এর প্রভাবে খুলনায় শনিবার সকাল থেকে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে বইছে দমকা হওয়া। খুলনার চারটি উপজেলায় এখন পর্যন্ত ১ লাখ ২০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে।
খুলনা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের কর্মচারী সোহেল জানান, দাকোপ, কয়রা, পাইকগাছা ও বটিয়াঘাটা উপজেলায় দুপুর ২ টা পর্যন্ত এক লাখ ২০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। তাদেরকে শুকনো খাবার দেওয়া হয়েছে।

খুলনার জেলা প্রশাসক মো. হেলাল হোসেন জানান, সকাল থেকেই ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে আশ্রয়কেন্দ্রে আনার জন্য মাইকিং করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি থানা পুলিশ, গ্রাম পুলিশ এবং ইউপি চেয়ারম্যান-মেম্বাররা লোকজনকে বুঝিয়ে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছেন। জেলায় মোট ৩৪৯টি সাইক্লোন শেল্টার খুলে রাখা হয়েছে। এসব সাইক্লোন শেল্টারে ২ লাখ ৩৮ হাজার ৯৫০ জন আশ্রয় নিতে পারবেন।

এদিকে খুলনা নদী বন্দরে সকাল থেকেই সকল কাজ বন্ধ রয়েছে। নদীপথে সকল প্রকার নৌযান চলাচলও দিনভর বন্ধ। নদীগুলোতে পানি কিছুটা বেড়েছে। তবে এখনো কোথাও বেড়িবাঁধ ভেঙে যাওয়ার খবর পাওয়া যায়নি।
খুলনার দাকোপ উপজেলার চালনা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন শেল্টারে আশ্রিতরা- সমকাল জেলা প্রশাসনের ত্রাণ ও পূনর্বাসন শাখা সূত্রে জানা গেছে, চারটি উপজেলায় ২ হাজার ৪৬০ জন স্বেচ্ছাসেবক দুর্যোগ-পরবর্তী উদ্ধার কাজের জন্য প্রস্তুত রয়েছে।
