ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

রামেবি উপাচার্যের পদত্যাগ দাবিতে মানববন্ধন

রামেবি উপাচার্যের পদত্যাগ দাবিতে মানববন্ধন
×

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হকের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্র-জনতার একটি অংশ। ছবি- শরিফুল ইসলাম তোতা

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ১৯:০৮

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হকের পদত্যাগ দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় ছাত্র-জনতা। কর্মসূচিতে উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ ও স্বজনপ্রীতির অভিযোগ তোলা হয়। তবে সব অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন উপাচার্য।

সোমবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত ‘সচেতন রাজশাহীবাসী’র ব্যানারে বিশ্ববিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা উপাচার্যের ছবিতে জুতা ও থুথু নিক্ষেপ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প ও প্রশাসনিক কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। তারা দাবি করেন, টেন্ডার ছাড়াই প্রায় দুই কোটি টাকা মূল্যের দুই হাজার গাছ কেটে ফেলা, ১৯ কোটি টাকার পুরোনো ভবন ও সীমানাপ্রাচীর অপসারণে অর্থ আত্মসাৎ, আম অস্বাভাবিক কম দামে বিক্রি এবং পুকুর, ফসলি জমি ও দোকান ইজারায় আর্থিক অনিয়ম হয়েছে।

এছাড়া ৭৭৭ কোটি টাকার পাঁচটি ভবন নির্মাণ প্রকল্পের টেন্ডারে সরকারি ক্রয়বিধি লঙ্ঘন করে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে মূল্যায়ন কমিটি গঠন এবং ঠিকাদারের কাছে ৯ শতাংশ কমিশন দাবি করা হয়েছিল বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা আরও অভিযোগ করেন, সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠানকে বাদ দিয়ে লিথো ও ওএমআর পেপার সরবরাহের কাজ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন, ইউজিসির নীতিমালা ও সরকারি বিধি উপেক্ষা করে নিয়োগ বাণিজ্য চালানো হচ্ছে বলেও দাবি করা হয়।

তাদের অভিযোগ, নবম গ্রেডের সেকশন অফিসার নাজমুল হোসেনকে নিয়মবহির্ভূতভাবে পঞ্চম গ্রেডের ব্যক্তিগত সচিব (পিএস) পদসহ তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা ছাড়াই অবসরপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তাকে রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক ও পরিচালকসহ নয়টি উচ্চ পদে চুক্তিভিত্তিক নিয়োগ এবং কলেজ পরিদর্শককে ডিনের দায়িত্ব দেওয়ার অভিযোগও তোলা হয়।

সমাবেশ থেকে উপাচার্যের পদত্যাগ, তার আমলে দেওয়া কথিত অবৈধ নিয়োগ বাতিল এবং উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

কর্মসূচিতে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, পশ্চিম বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, মহানগর কৃষকদলের আহ্বায়ক শরফুজ্জামান সামিমসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে রামেবির উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হক বলেন, একটি গ্রুপ শুরু থেকেই অবৈধ সুবিধা দাবি করে আসছিল। সেই সুবিধা না পাওয়ায় তারা এসব অভিযোগ তুলছে। বিষয়টি স্বাস্থ্য ও ভূমিমন্ত্রীকে জানিয়েছি। আমি নিরপেক্ষ তদন্ত চেয়েছি। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে যা পাওয়া যাবে, তা জনগণকে জানানো হোক।

আরও পড়ুন

×