অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করলেন হালুয়াঘাটের ইউএনও
ছবি: সমকাল
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ২২:১৬ | আপডেট: ০৩ আগস্ট ২০২৬ | ২২:১৮
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদ তার বিরুদ্ধে প্রকাশিত অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক নয়।
এর আগে সোমবার সমকাল অনলাইনে ‘কাজ ছাড়াই ৬০ লাখ টাকার বিল উত্তোলনের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে ইউএনও সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী জুলমত জানতে চান, টেন্ডার ও পত্রিকায় বিজ্ঞপ্তি ছাড়া কীভাবে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। জবাবে ইউএনও ফয়সাল আহমেদ বলেন, একটি পূর্ণাঙ্গ টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় তিন মাস সময় লাগে।
এ সময় জুলফিকার আলী প্রশ্ন করেন, অর্থবছর শেষ হয়ে আগস্ট মাস শুরু হলেও কাজ এখনো দৃশ্যমানভাবে শুরু হয়নি কেন। উত্তরে ইউএনও জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারকে শোকজ করা হয়েছে। পরে তিনি সাংবাদিকদের অন্যান্য প্রশ্নের উত্তর দেন।
উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের ৩০ মে ছয়টি ইউনিয়ন পরিষদ ভবন সংস্কারের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে মোট ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি ইউনিয়নের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ থাকলেও কাজ দৃশ্যমানভাবে সম্পন্ন না করেই বিল উত্তোলনের অভিযোগ ওঠে, যা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে।
এ বিষয়ে ইউএনও মো. ফয়সাল আহমেদ বলেন, প্রতিবেদনে শুধু আমার নাম উল্লেখ করা হয়েছে। অথচ প্রকল্প বাস্তবায়নের সঙ্গে ঠিকাদার ও প্রকৌশলীরাও সম্পৃক্ত। তাদের নামও প্রকাশ করেন।