গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার
ছবি- সমকাল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ | ০০:২৬
গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ আগস্টকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশ, এপিবিএন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে শহরের স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি এবং সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, বিজিবি মোতায়েন নিয়মিত কার্যক্রমেরই অংশ। এটি কোনো বাড়তি বা বিশেষ ব্যবস্থা নয়। জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সিভিল পাওয়ারের সহায়তায় বাহিনীটি দায়িত্ব পালন করছে। ৫ আগস্ট উপলক্ষে আলাদাভাবে বিজিবি মোতায়েন করা হয়নি।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, ১ থেকে ৪ আগস্ট পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। আমরা আশা করছি সামনের দিনগুলোতেও একইভাবে পরিস্থিতি স্বাভাবিক থাকবে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য বা নির্দিষ্ট আশঙ্কা আমাদের কাছে নেই। তবে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে বিজিবি, পুলিশ ও এপিবিএনের সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।