হালুয়াঘাটে সড়ক ধসে যান চলাচল বন্ধ, ভোগান্তি
নালিতাবাড়ী সড়কের ধুরাইল বাজার এলাকা। ছবি: সমকাল
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ১৫:১৬
টানা দুই দিনের বৃষ্টি ও জলাবদ্ধতায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা-নালিতাবাড়ী সড়কের ধুরাইল বাজার এলাকায় বড় ধরনের ধসের সৃষ্টি হয়েছে। এতে সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা।
শুক্রবার দিবাগত রাতে সড়কটির নিচের মাটি সরে গিয়ে ধসের সৃষ্টি হয়। সকালে গর্তটি আরও বড় হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।
স্থানীয়দের অভিযোগ, সড়কটিতে পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার পানির চাপে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। হালুয়াঘাট উপজেলার ধারা, ধুরাইল, কৈচাপুর ও আমতৈল ইউনিয়নের মানুষের যাতায়াতের প্রধান পথ এটি। পাশাপাশি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান, নালিতাবাড়ী ও রূপনারায়ণকুড়া ইউনিয়ন এবং নালিতাবাড়ী সদরের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যমও সড়কটি।
সড়ক ধসে যাওয়ায় স্থানীয়দের দুই থেকে তিন কিলোমিটার ঘুরে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে। ধারা বাজারের ব্যবসায়ী এম বি রায়হান বলেন, ব্যবসার কাজে প্রায়ই নালিতাবাড়ী যেতে হয়। সড়কটি ধসে যাওয়ায় এখন প্রায় তিন কিলোমিটার ঘুরে যেতে হবে।
এই পথের যাত্রী ফারুক ফকির বলেন, হালুয়াঘাট যাওয়ার পথে সড়ক ভাঙা থাকায় মাঝপথে আটকে যেতে হয়েছে। পরে দীর্ঘ বিকল্প পথ ঘুরে গন্তব্যে যেতে হয়েছে।
নালিতাবাড়ীর মরিচপুরান গ্রামের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, সাইকেলে করে ধারা কলেজে যাতায়াত করি। সড়কটি ধসে যাওয়ায় কয়েক কিলোমিটার ঘুরে যেতে হবে।
হালুয়াঘাট উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রউফ জানান, সড়ক ধসের বিষয়টি তিনি অবগত হয়েছেন। ভেঙে যাওয়া স্থান পরিদর্শনে দপ্তরের কর্মকর্তা ঘটনাস্থলে গেছেন। পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।