মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা, ছয়তলার কার্নিশে আটকা ছাত্রী
ছয়তলার জানালার কার্নিশে আটকা পড়ে মাদ্রাসাছাত্রী। ছবি: সমকাল
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ১৮:৩৫ | আপডেট: ০৮ আগস্ট ২০২৬ | ১৮:৩৬
ফেনীতে মাদ্রাসায় যেতে না চেয়ে সাততলা ভবনের ছাদে উঠে পালানোর চেষ্টা করেছিল ১২ বছরের এক মাদ্রাসাছাত্রী। একপর্যায়ে ছয়তলার জানালার কার্নিশে আটকা পড়ে সে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফেনী শহরের চাড়িপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুর দেড়টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।
ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন বলেন, স্বজনেরা ওই শিশুকে চাড়িপুর দারুন নাজাত মহিলা মাদ্রাসায় ভর্তি করেন। তবে শিশুটি মাদ্রাসায় পড়তে আগ্রহী ছিল না। শনিবার সকালে তার মা ও মামী জোর করে মাদ্রাসায় রেখে যান। পরে বেলা সাড়ে ১১টার দিকে ওই ছাত্রী মাদ্রাসার সাততলা ভবনের ছাদে উঠে যায়। সেখান থেকে নামার চেষ্টা করার সময় ছয়তলার একটি জানালার কার্নিশে আটকা পড়ে সে। একপর্যায়ে আতঙ্কিত হয়ে পড়ে শিশুটি।
এদিকে কার্নিশে আটকে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ফেনী মডেল থানার পুলিশ ও ফেনী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে দুপুর দেড়টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
- বিষয় :
- ফেনী
- মাদ্রাসা
- শিক্ষার্থী