পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
ছবি: সংগৃহীত
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ১৯:০০
পাবনার বেড়ায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা সোহেল রানাকে আটকের পরে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। তারা সকলেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মী-সমর্থক হিসেবে পরিচিত। শনিবার দুপুরে বেড়া মডেল থানা পাড়ার কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
সোহেল রানা বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার প্রয়াত খন্দকার আয়নুল হকের ছেলে। তিনি বেড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানার পাশে কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা ও উপপরিদর্শক (এসআই) রাশেদের নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে থানায় নিয়ে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মী-সমর্থকরা পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এ সময় স্থানীয়দের একটি অংশ পুলিশের কাছ থেকে সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে নিয়ে ঘটনাস্থল থেকে সরে যায় তারা।
এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোহেল রানার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে তাকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের বাধার সম্মুখীন হয় পুলিশ। এ সময় স্থানীয় বেশ কয়েকজন লোক পুলিশের কাজে বাধা দেন।
তিনি আরও বলেন, সোহেল রানাকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। পুলিশের কাজে যারা বাধা দিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
- বিষয় :
- যুবলীগ
- পুলিশ
- আওয়ামী লীগ