নিকলী বিএনপির একাংশের ক্ষোভ, প্রশাসন বিড়ম্বনায়
ফ্যামিলি কার্ড শুমারি
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ০৮:২০
| প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জের নিকলীতে ফ্যামিলি কার্ড শুমারিতে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন বিএনপির কিছু নেতাকর্মী। তাদের অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা মজুমদার মুক্তি জানিয়েছেন, সংসদ সদস্য, বিএনপি ও ছাত্রদলের নেতাদের সুপারিশেই নিয়োগ দেওয়া হয়েছে।
গত শুক্রবার রাতে নিকলী নতুন বাজারের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয় সদর ইউনিয়ন বিএনপির ব্যানারে। সেখানে লিখিত বক্তব্য দেন সদর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ। গতকাল শনিবার সমকালকে তিনি বলেন, ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে স্থানীয় প্রশাসন অনিয়ম ও দুর্নীতি করেছে। অধিকাংশ সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী আওয়ামী লীগ ও জামায়াত পরিবার থেকে নেওয়া হয়েছে। ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আনিছুর রহমানের ছেলে মাহবুবুর রহমান ছাত্রলীগ করেন। আবার ২ নম্বর ওয়ার্ডের বাহার উদ্দিনের ছেলে মোবারক হোসেনও ছাত্রলীগ করেন। তাদের তথ্য সংগ্রহকারী হিসেবে নিয়োগ দেওয়ায় কার্ড পাওয়ার যোগ্য পরিবারগুলো বঞ্চিত হবে।
এসব বিষয়ে ইউএনও রেহেনা মজুমদার মুক্তি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও জামায়াত নিষিদ্ধ নয়। জামায়াত থেকে নিয়োগ দেওয়া যাবে না, এমন কোনো নির্দেশনাও ছিল না। এর পরও জামায়াতের একজনের নাম এসেছে। আওয়ামী পরিবারেরও একজনের নাম এসেছে। কিন্তু যাদের নেওয়া হয়েছে, স্থানীয় এমপি, বিএনপি ও ছাত্রদলের সুপারিশেই নেওয়া হয়েছে। তথ্য সংগ্রহকারী নেওয়া হবে ৫০ জন। কিন্তু প্রচুর সুপারিশ ছিল। যাদের তথ্য-প্রযুক্তিতে দক্ষতা আছে, তাদেরই নেওয়া হয়েছে। তাই সুপারিশের অনেকেই বাদও পড়েছেন।
- বিষয় :
- ফ্যামিলি কার্ড