ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বোর্ডে ফল বিপর্যয়, পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে

চট্টগ্রাম বোর্ডে ফল বিপর্যয়, পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে
×

চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী। ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ১২:২৩

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫-দুটিই কমেছে। এবার এ বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ। গত বছর এ হার ছিল ৭২ দশমিক ৭০ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন। গত বছর এ সংখ্যা ছিল ১১ হাজার ৮৪৩ জন।

আজ সোমবার সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী।

তিনি জানান, এবার ছাত্রীদের পাসের হার ৬০ দশমিক ৩০ শতাংশ এবং ছাত্রদের ৫৮ দশমিক ৭৬ শতাংশ। বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৬০ দশমিক ১২ শতাংশ এবং মানবিক বিভাগে ৩৮ দশমিক ৭৯ শতাংশ।

এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ৩০ হাজার ৬৮২ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৩০ হাজার ২১৯ জন।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষায় অংশ নেয়।

সারা দেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশ নেয়।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আকতারুজ্জামান জানিয়েছেন, নির্ধারিত ওয়েবসাইট ও এসএমএসের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।

আরও পড়ুন

×