ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষা দেননি, তবুও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর চূড়ান্ত তালিকায় নাম

পরীক্ষা দেননি, তবুও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর চূড়ান্ত তালিকায় নাম
×

ফাইল ছবি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ২০:০০

সুনামগঞ্জের জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী পদে পরীক্ষায় অংশগ্রহণ না করেও চূড়ান্ত তালিকায় একজনকে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আজ সোমবার এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন করেছেন এক পরীক্ষার্থী।

সুলতান আহমেদ নামে ওই পরীক্ষার্থীর অভিযোগে বলা হয়, গত ২৬ জুলাই জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসে লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশ না নিয়েও চূড়ান্ত তালিকায় এক নারীর নাম প্রকাশ পাওয়ার তথ্য পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিকার দাবি করেছেন ভুক্তভোগী সুলতান আহমেদ। 

জানা যায়, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের (নয়াগাঁও) গ্রামে তথ্য সংগ্রহকারী পদের জন্য আবেদন করেন ওই এলাকার সুলতান আহমেদ ও বিউটি বেগম। গত ২৬ জুলাই জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে যথানিয়মে তারা লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু রোবরার চূড়ান্ত ফলাফল প্রকাশের পর দেখা যায়, পরীক্ষায় অংশ নেওয়া দুই প্রার্থীকে বাদ দিয়ে ‘জুলি বেগম’ নামে এক নারীর নাম চূড়ান্ত তালিকায় ৪৩ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যিনি কোনো পরীক্ষাতেই অংশ নেননি। ওই নারী নয়াগাঁও গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। 

সুলতান আহমেদ জানান, আমরা যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে পরীক্ষায় অংশ গ্রহণ করি। অথচ যিনি পরীক্ষাই দিলেন না, তার নাম চূড়ান্ত তালিকায় চলে এলো। এটি চরম অন্যায় ও অনিয়ম। ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও সঠিক প্রার্থীকে নিয়োগের দাবি জানিয়েছেন তিনি। 

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন জানান, তিনি অভিযোগটি এখনও পড়ে দেখেননি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×