ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

কোটচাঁদপুরে জিপিএ ৫ পেল যমজ দুই ভাই

কোটচাঁদপুরে জিপিএ ৫ পেল যমজ দুই ভাই
×

তাছলিম আহমেদ ও তাওফিক আহমেদ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ২০:২০

এসএসসি পরীক্ষায় ঝিনাইদহের কোটচাঁদপুরে কৃতিত্বপূর্ণ ফল করেছে যমজ দুই ভাই তাছলিম আহমেদ ও তাওফিক আহমেদ। তারা উভয়েই জিপিএ ৫ পেয়েছে। পরীক্ষায় মোট ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে তাছলিম আহমেদ পেয়েছে ১ হাজার ১৯৫ নম্বর; যা উপজেলায় সর্বোচ্চ নম্বর অর্জনের কৃতিত্ব। অপরদিকে তাওফিক আহমেদ পেয়েছে ১ হাজার ১৮০ নম্বর। দুই ভাইয়ের মধ্যে নম্বরের ব্যবধান মাত্র ১৫। 

তাছলিম ও তাওফিক কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা কোটচাঁদপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুক আহমেদ ও কোটচাঁদপুর বাজে বামনদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজনীন সুলতানা দম্পতির সন্তান। তাদের এমন কৃতিত্বপূর্ণ ফলে খুশি শিক্ষক, বাবা-মা ও শুভাকাঙ্ক্ষীরা।

কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান বলেন, তাছলিম আহমেদ, তাওফিক আহমেদ শুধু লেখাপড়ায় না, খেলাধুলা, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন বিষয়ে পারদর্শী। তারা দুই ভাই বিদ্যালয়ের সাত খুদে বিজ্ঞানীর অন্যতম। যে সাতজন শিক্ষার্থী নাসায় গবেষণামূলক একটি প্রতিবেদন পাঠিয়ে দেশের ভেতরে দশম গ্রেডে প্রথম হয়েছিল। তাদের এই অভাবনীয় সফলতায় আমরা গর্বিত। 

ফারুক আহমেদ বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং দুই ছেলের অধ্যবসায়ের ফলেই আজকের এই সফলতা এসেছে। তারা যেন ভবিষ্যতে ভালো কিছু এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারে। 

তাছলিম আহমেদ জানায়, ‘প্রথমেই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপর বাবা-মা, বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞ। সবার আন্তরিক সহযোগিতা ও প্রচেষ্টায় আমাদের এই সাফল্য এসেছে। আগামীতেও এ রকম ভালো ফল করতে সবার দোয়া চাই।’ 

কোটচাঁদপুরে ২৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি মাদ্রাসা থেকে এ বছর ১৫০১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছে। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে ৯৮ জন। এ ছাড়া কৃতকার্য হয়েছে ৮৭৬ জন পরীক্ষার্থী।

আরও পড়ুন

×