ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
×

ছবি- ভিডিও থেকে নেওয়া

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ০০:২৯

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতের কোনো এক সময় শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম চত্বরে অবস্থিত এই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনার একটি ভিডিও গতকাল মঙ্গলবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, রাতের কোনো এক সময় একজন একটি বোতল দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে তরল জাতীয় কিছু ছিটাচ্ছেন। কয়েক সেকেন্ড পর একটি দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে স্মৃতিস্তম্ভে ছুড়ে মারেন। এরপর ওই ব্যক্তি দৌড়ে চলে যান। ভিডিওতে একটি পুরুষ কণ্ঠ শোনা যায়। ওই কণ্ঠে ‘ভয় করি না বুলেট বোমা, শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে’, ‘আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই’, ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’, ‘হানিফ সাহেবের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। এ ছাড়া শেখ হাসিনাকে ডিসেম্বরে বাংলাদেশে স্বাগত জানানো হবে বলেও বলতে শোনা যায় ভিডিওতে।

ঘটনা জানাজানি হলে গতকাল দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বরসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।

ওসি কবির হোসেন জানান, জুলাই স্মৃতিস্তম্ভে কালো দাগ দেখা গেছে। এ ছাড়া কোনো আলামত চোখে পড়েনি। অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, কারা ঘটনা ঘটিয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×