ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় ফাঁকা সরকারি অফিসে দিনভর চলল এসি

পাবনায় ফাঁকা সরকারি অফিসে দিনভর চলল এসি
×

ছবি-সংগৃহীত

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ০৮:১৮ | আপডেট: ১২ আগস্ট ২০২৬ | ১০:০০

| প্রিন্ট সংস্করণ

সারাদেশে তীব্র বিদ্যুৎ ঘাটতি মেটাতে যখন সাশ্রয়ের তাগিদ দেওয়া হচ্ছে, ঠিক সে সময়ে পাবনার ফরিদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে দেখা গেছে এর উল্টো চিত্র। অফিসে কর্মকর্তা-কর্মচারীদের একজনকেও পাওয়া যায়নি, অথচ পুরো দিন ফাঁকা কক্ষের ভেতরে অবিরাম চলেছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি)। সরকারি বিদ্যুৎ ও রাজস্বের এমন অপচয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পিআইও অফিসে আসা সেবাগ্রহীতারা।

সোমবার সকালে স্থানীয় উন্নয়ন কাজের নানা অনিয়ম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য নিতে সাংবাদিকরা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পিআইও কার্যালয়ে যান। সেখানে গিয়ে দেখা যায়, পিআইও মানিকুজ্জামানের কক্ষটি খোলা এবং ভেতরে এসি চলছে। এ সময় পিআইওসহ ওই কার্যালয়ের অন্য কোনো কর্মকর্তা-কর্মচারীকে সেখানে পাওয়া যায়নি।

সাংবাদিকরা জানান, বক্তব্য নেওয়ার জন্য পিআইও মানিকুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। 

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় সাংবাদিক বলেন, প্রকল্পের অনিয়ম নিয়ে বক্তব্য নিতে গিয়ে পিআইওর পুরো অফিস ফাঁকা পান তারা। ফাঁকা ঘরে এসি বন্ধ করার মতো কেউ ছিল না। তারা দিনভর সেখানে অবস্থান করলেও নিজ দপ্তরে আসেননি পিআইও। 

অনুপস্থিতি ও বিদ্যুৎ অপচয়ের অভিযোগ বিষয়ে জানতে পিআইও মানিকুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিনের মোবাইল ফোনে কল দেওয়া হলেও সাড়া দেননি তারা। 

আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা বলেন, ‘আমরা পাঁচজনের একটি সাংবাদিক দল পাবনা থেকে ফরিদপুর গিয়ে দেখলাম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার রুমে এসি চলছে, লাইট জ্বলছে। অথচ দীর্ঘক্ষণ সেখানে অবস্থান করেও কাউকে পাওয়া যায়নি।’ 

ফরিদপুর উপজেলার বৃলাহিরিবাড়ী গ্রামের তমিজ উদ্দিন সমকালকে বলেন, ‘আমার গ্রামের একটা রাস্তা উন্নয়নের ব্যাপারে পিআইও অফিসে গিয়ে দেখি কেউ নাই। কিন্তু অফিসে গিয়ে দেখি এসি চলছে ও লাইট জ্বলছে। এক ঘণ্টা বসে থাকার পর চলে এসেছি।’

বিষয়টি জানার পর পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। কেউ না থাকলে নিরাপত্তার স্বার্থে একটি লাইট জ্বলতে পারে, কিন্তু এসি চলার কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

×