বাগেরহাটে আশ্রয়কেন্দ্রে যেতে গ্রামে গ্রামে মাইকিং
গ্রামে গ্রামে মাইকিং করছে দূযোগ ব্যবস্থাপনা কমিটির কর্মীরা
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯ | ০৫:১৮
বাগেরহাটে ঘূর্ণিঝড় 'বুলবুল' মোকাবেলায় লোকজনকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে এলাকায় এলাকায় মাইকিং করা হচ্ছে। আবহাওয়া অধিদফতর থেকে এ জেলায় ১০ নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলার পর থেকে জেলার শরণখোলা, মোরেলগঞ্জ ও মোংলা উপজেলার গ্রামে গ্রামে মাইকিং করছে দূযোগ ব্যবস্থাপনা কমিটির কর্মীরা।
পাশাপাশি বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট বিভিন্ন এলাকায় লোকজনদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করছেন। পুলিশও রয়েছে সতর্ক । এছাড়া ঘূর্ণিঝড়ের খবরে সাগরে থাকা মাছধরা ট্রলার ও নৌকা তীরে নিরাপদ আশ্রয় নিয়েছে। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
শরণখোলার দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আমিনুল খানা জানান, সবাইকে দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ায় জন্য এলাকায় মাইকিং করা হচ্ছে।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মাসুদ সরদার বলেন, ‘আমাদের ৬টি টিম বিভিন্ন এলাকায় মাইকিং করছে। এছাড়া জেলার ৫টি স্টেশনে ৮টি টিম প্রস্তুত রয়েছে।’
অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় তারা সব রকম প্রস্তুতি রেখেছেন। এছাড়া দূর্যোগ পরবর্তী পরিস্থিতি জন্য শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে। তিনি আরও জানান, উপজেলা , প্রশাসন ও জেলা প্রশাসনের একাধিক টিম অধিক ঝুঁকিপূর্ন উপজেলা শরণখোলা, মোরেলগঞ্জ ও মোংলাতে অবস্থান করছেন।