ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সেতুর রেলিং ভেঙে ট্রাক খাদে পড়ে চালক নিহত আহত হেলপার

সেতুর রেলিং ভেঙে ট্রাক খাদে পড়ে চালক নিহত আহত হেলপার
×

মৌলভীবাজার জেলার রাজনগরে বুধবার ভোরে ধামাইছড়া সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে ভোজ্য তেলবাহী ট্রাকটি সমকাল

 মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ০৮:১৫

| প্রিন্ট সংস্করণ

মৌলভীবাজারের রাজনগরে সেতুর রেলিং ভেঙে ট্রাক খাদে পড়ে নিহত হয়েছেন চালক। 
এ দুর্ঘটনায় আহত হন ট্রাকে থাকা চালকের সহযোগী।
বুধবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের ধামাইছড়া সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাকচালক রুমানের। পরে স্থানীয়রা গুরুতর আহত সহযোগী নয়নকে উদ্ধার করে দ্রুত ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ভোজ্যতেল বোঝাই ট্রাকটি সিলেটের উদ্দেশে যাচ্ছিল। ভোরে ধামাইছড়া সেতু অতিক্রমের সময় ঘটে দুর্ঘটনা। খবর পেয়ে রাজনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আলী হোসেনের নেতৃত্বে মৌলভীবাজার ও ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। রেকারের সাহায্যে ট্রাকটি তোলা হলে নিচে চাপা পড়া চালক রুমানের লাশ পাওয়া যায়।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাকারিয়া জানান, ট্রাকটি অনেক নিচে পড়ে যাওয়ায় রেকার এনে উদ্ধারকাজ চালাতে হয়েছে।
স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ করেই সেতু এলাকা থেকে বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তারা। এ সময় ট্রাকটি নিচে পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিস দপ্তরে খবর দেন। চালক সম্ভবত ঘুমের কারণে সরু সেতুর ওপর ট্রাকের নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হন। রেকারের মাধ্যমে ট্রাকটি তোলার পর নিচে চাপা পড়া অবস্থায় চালকের মরদেহ উদ্ধার করা হয়।
দুর্ঘটনার বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, ট্রাকে চালকসহ দুজন ছিলেন। চালক মারা গেছেন এবং আহত হেলপারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

×