ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সেতুর অভাবে দুর্ভোগে ৬ গ্রামের ১০ হাজার মানুষ

সেতুর অভাবে দুর্ভোগে ৬ গ্রামের ১০ হাজার মানুষ
×

হবিগঞ্জের বাহুবলে সেতুর অভাবে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে খাল পারাপার। বুধবার তোলা সমকাল

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ০৯:৩৮

| প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের বাহুবল উপজেলার ৪ নম্বর সদর ইউনিয়ন ও ৭ নম্বর ভাদেশ্বর ইউনিয়নের মধ্যবর্তী খালে একটি স্থায়ী সেতু নির্মাণ না হওয়ায় ব্যাপক দুর্ভোগে পড়েছেন সেখানকার ছয়টি গ্রামের অন্তত ১০ হাজার বাসিন্দা। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে তারা খাল পারাপারে চরম ঝুঁকি নিয়ে ব্যবহার করছেন একটি নড়বড়ে বাঁশের সাঁকো।
স্থানীয়দের ভাষ্য, বছরের পর বছর ধরে একটি সেতুর অভাবে তাদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বিশেষ করে, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও জরুরি রোগীর আনা-নেওয়ার ক্ষেত্রে ভোগান্তির শেষ নেই। এমন পরিস্থিতিতে এলাকার মানুষের জন্য একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, উপজেলার ৪ নম্বর সদর ইউনিয়ন ও ৭ নম্বর ভাদেশ্বর ইউনিয়নের মধ্যবর্তী একটি খালের ওপর দিয়ে অন্তত পাঁচ থেকে ছয়টি গ্রামের মানুষ উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। রামপুর চা বাগান, ফয়জাবাদ চা বাগান, বাদাম টিলা, গুটিবাড়ি, ভাদেশ্বর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড, টিলাবাড়ি, বলরামপুর, মৌড়িসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা এই বাঁশের সাঁকোটি ব্যবহার করছেন।
স্থানীয়রা জানান, শুষ্ক মৌসুমে বাঁশের তৈরি সাঁকোটি দিয়ে কোনোমতে চলাফেরা করা গেলেও বর্ষা মৌসুমে এটি অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। অনেক সময় মুমূর্ষু রোগীকে অ্যাম্বুলেন্সে নেওয়া সম্ভব হয় না; বাধ্য হয়ে কাঁধে করে বাঁশের সাঁকো পার করে হাসপাতালে নিয়ে যেতে হয়। এতে জরুরি চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। দীর্ঘদিনের দাবি সত্ত্বেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

এ বিষয়ে ভুক্তভোগী যুবক মনছুর মিয়া বলেন, আমাদের এখানে দুই ইউনিয়নের সংযোগস্থলে একটি সেতুর দাবি দীর্ঘদিনের। কিন্তু কেন যে সেতুটি হচ্ছে না, তা আমাদের বোধগম্য নয়।
ময়না মিয়া নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, বাঁশের সাঁকো কিছু দিন পরপরই নড়বড়ে হয়ে যায়। এতে রোগী নেওয়া ও জরুরি প্রয়োজনে যাতায়াতে চরম বিড়ম্বনায় পড়তে হয়। আমাদের দাবি, কর্তৃপক্ষ যেন অবিলম্বে এখানে সেতু নির্মাণের উদ্যোগ নেয়।
এ বিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন

×