ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ফরিদপুরে সাংবাদিক পরিচয়ে অপপ্রচারের অভিযোগ

ফরিদপুরে সাংবাদিক পরিচয়ে অপপ্রচারের অভিযোগ
×

সৈয়দ নাজমুল আলম পারভেজ

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ০১:১৪

সামাজিক মাধ্যমে ওয়ারেন্টের কপি ও বিভিন্ন তথ্য ছড়িয়ে হয়রানি করার অভিযোগে ফরিদপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। গত বুধবার ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য, স্থানীয় একটি দৈনিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ (৪৫) এই অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, গত ১১ আগস্ট থেকে ২০২৪ সালের একটি মামলার ওয়ারেন্টের কপির ছবি ব্যবহার করে কয়েকটি ফেসবুক আইডি থেকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। অভিযোগে নগরকান্দার পাঁচ কাইচাইল গ্রামের মো. গোলাম মোস্তফা (৪৬), মো. রাজু আহম্মেদ (৩৫), মো. মিজানুর রহমান (৫০) এবং ‘বাংলা টেলিগ্রাম’সহ কয়েকটি ফেসবুক আইডির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

অভিযোগে নাম আসা মো. গোলাম মোস্তফাকে ঘিরে স্থানীয় পর্যায়ে ভয়ভীতি প্রদর্শন, ব্ল্যাকমেইল ও সাংবাদিক পরিচয় দিয়ে অর্থ দাবির নানা অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায় দেউলিয়া হয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ভুঁইফোঁড় সাংবাদিক সংগঠন গড়ে তোলেন এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করেন বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান। উপজেলা প্রশাসনের এক সরকারি কর্মকর্তাও জানান, মোস্তফা সরকারি দপ্তরে এসে পত্রিকায় সংবাদ প্রকাশ করার ভয় দেখিয়ে টাকা দাবি করতেন এবং না দিলে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়াতেন।

ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল বলেন, ‘ফেসবুক আইডি খুলেই সাংবাদিক ঘোষণার মারাত্মক প্রবণতা তৈরি হয়েছে। সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অপরাধ করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’ নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফ জানান, গোলাম মোস্তফা তাদের ক্লাবের সদস্য নন এবং তাঁর অপকর্মের দায় ক্লাব নেবে না।

নগরকান্দা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার বলেন, অপরাধী দলের হলেও কোনো ছাড় দেওয়া হবে না।’ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল জানান, বিষয়টির খোঁজ নিয়ে স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করা হবে।

অভিযোগ অস্বীকার করে গোলাম মোস্তফা বলেন, ‘ক্যাবের নগরকান্দা উপজেলা কমিটি গঠন নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝির জেরে পোস্ট করেছিলাম। পরে তিনি সম্মানীয় ব্যক্তি জানতে পেরে পোস্ট ডিলিট করে দিই। আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’

অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান জানান, ‘নাজমুল আলম পারভেজের লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। সাইবার অপরাধ ও চরিত্রহননের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

×