নারায়ণগঞ্জের বন্ধ কারখানাগুলো চালু হয়নি
ছবি: ফাইল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ২২:০২ | আপডেট: ১৫ আগস্ট ২০২৬ | ২২:৫৩
নারায়ণগঞ্জে গ্যাস আসতে শুরু করায় আবাসিক গ্রাহকরা কিছুটা স্বস্তি অনুভব করলেও বন্ধ কলকারখানাগুলো চালু হয়নি। গ্যাসের প্রয়োজনীয় চাপ না থাকায় বন্ধ কলকারখানা চালু করা যায়নি বলে জানিয়েছেন শিল্প মালিকরা।
বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম আজ শনিবার সন্ধ্যা ছয়টায় সমকালকে জানান, ‘এইমাত্র আমি ফ্যাক্টরি থেকে বের হলাম। যে গ্যাস এসেছে এর চাপ খুবই সামান্য। এটি দিয়ে গার্মেন্টসের ডাইং সেকশনের বয়লার বা অন্যান্য যন্ত্রপাতি চালানো সম্ভব নয়। ফলে আমাদের বন্ধ থাকা ৫০০ গার্মেন্ট এবং এর সঙ্গে লিংকেজ অন্যান্য শিল্প কারখানাগুলো আজ বন্ধ ছিল।’
তিনি আরও জানান, আমি তিতাসের এমডির সঙ্গে কথা বলেছি। আগামীকাল রোববার ও পরদিন সোমবার প্রয়োজনীয় চাপসহ গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। পরিমাণমতো গ্যাস পেলে কারখানাগুলো চালু করতে পারবো।’
একই তথ্য জানান বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সাবেক সভাপতি পরিতোষ কান্তি সাহা। তিনি জানান, যে গ্যাস এসেছে তার চাপ এতটাই কম যে আমাদের বয়লার চালু করা যাচ্ছে না। ফলে লবণ শোধন করা যাচ্ছে না। তাই, আজকে কারখানায় কোন উৎপাদন হয়নি। তবে ছুটি দেইনি। কারণ, শ্রমিকরা ছুটি পেলে চলে গেলে শ্রমিক পাওয়ার কঠিন। তাই, তাদেরকে বসিয়ে রেখে পারিশ্রমিক দিতে হয়েছে।
নারায়ণগঞ্জে প্রায় পাঁচশো রপ্তানিমুখি গার্মেন্টস, ৩০০ সাব কন্ট্রাক্টের গার্মেন্টস, দেড়শ ডাইং কারখানা, সাতটি লবণ কারখানাসহ রি-রোলিং মিল, সিমেন্ট কারখানাসহ এক হাজারের বেশি শিল্পপ্রতিষ্ঠান গ্যাসের অভাবে গত চারদিন ধরে বন্ধ রয়েছে।
- বিষয় :
- নারায়ণগঞ্জ