মুখোশধারী কিশোর গ্যাংয়ের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু
গোলাম হায়দার
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ২৩:১৬
কুষ্টিয়ার ভেড়ামারায় মুখোশধারী কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত টিভি মেকানিক গোলাম হায়দার (৬০) মারা গেছেন। বৃহস্পতিবার রাতে পৌরসভার দক্ষিণ রেলগেট এলাকায় নিজ দোকানের সামনে হামলার শিকার হন তিনি। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাচারীপাড়া এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গোলাম হায়দার প্রায় ৪৫ বছর ধরে পৌরসভার দক্ষিণ রেলগেট বোর্ড স্কুলের সামনে টিভি মেরামতের কাজ করে আসছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার এশার নামাজের পর তিনি দোকান খুলতে যান। দোকানের শাটার খোলার সময় পেছন থেকে ৩-৪ জন মুখোশধারী তার ওপর হামলা চালায়।
পরিবারের দাবি, হামলাকারীদের হাতে হাতুড়ি, রামদা, হাতকুড়াল, জিআই পাইপ ও লোহার রড ছিল। তারা গোলাম হায়দারের মাথায় ৭-৮টি আঘাত করে। এ ছাড়া তার ডান পায়ের নিচের অংশ ভেঙে যায়। শরীরের বিভিন্ন স্থানেও গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
গোলাম হায়দারের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে পলাশ বলেন, ‘আমার বাবাকে ৩-৪ জন মুখোশধারী পেছন থেকে হামলা করে। তারা হাতুড়ি, রামদা, হাতকুড়াল, জিআই পাইপ ও লোহার রড ব্যবহার করেছে। আমরা এর সঠিক বিচার চাই।’
তিনি আরও বলেন, তার বাবার মরদেহের ময়নাতদন্ত রোববার সকালে হওয়ার কথা রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করা হবে। এরপর থানায় গিয়ে মামলা করবেন তারা।
ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, বৃহস্পতিবার মুখোশধারী কিশোর গ্যাংয়ের হামলায় আহত গোলাম হায়দার ঢাকায় মারা গেছেন বলে তিনি শুনেছেন। এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে অভিযোগ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- কুষ্টিয়া
- কিশোর গ্যাং
- হামলা
- মৃত্যু