ঢাকা রোববার, ১৬ আগস্ট ২০২৬

ফেনী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ২

ফেনী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ২
×

প্রতীকী ছবি

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ২৩:৪৩

ফেনীর ফুলগাজী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় দুই বাংলাদেশি নারীকে আটক করেছে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে তাদের বিজিবির মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাদের ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটক নারীরা হলেন– বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নয়াখালী এলাকার মৃত সুধীর দাশের স্ত্রী সোনা লক্ষী (৭০) এবং বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের দোলগনি গ্রামের বিষু দাশের স্ত্রী শান্তনা (৪০)।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার রাতে কুমিল্লার ১০ বিজিবির আওতাধীন ফুলগাজীর নোয়াপুর বিওপি ও ভারতের ৬৯-পিরসিদ্দিনগর বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্তের পিলার ২১৩১-৭ এস থেকে বাংলাদেশের প্রায় ৬০০ গজ অভ্যন্তরে মধ্য কামাল্লা এলাকায় ওই দুই নারীকে আটক করা হয়। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। পরে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের নোয়াপুর বিওপির বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করেন। বিজিবি তাদের ফুলগাজী থানা পুলিশের কাছে সোপর্দ করে।

ফুলগাজী থানার ওসি মো. শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক দুই নারী আগে ভারতের ত্রিপুরায় অবস্থান করতেন। বাংলাদেশ থেকে সীমান্ত দিয়ে পুনরায় বেআইনিভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়।

ওসি আরও বলেন, তাদের বিরুদ্ধে পাসপোর্ট ও সীমান্তসংক্রান্ত প্রচলিত আইনে মামলা করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাদের ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×