তিনজনকে মারধর-ফাঁকা গুলি, স্বর্ণালংকার ভরা ব্যাগ ছিনতাই
প্রতীকী ছবি
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ০০:২৫
মানিকগঞ্জ সদর উপজেলায় স্বর্ণের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে স্বর্ণ, রূপা ও টাকা ছিনতাই করা হয়েছে। ছিনতাইকারীদের হামলায় এক স্বর্ণ ব্যবসায়ী, তাঁর ছেলে ও তাদের এক প্রতিবেশী আহত হয়েছেন। শুক্রবার রাতে সদর উপজেলার পূর্ব শানবান্দা এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন– সদর উপজেলার পূর্ব শানবান্দা গ্রামের পতিত পবন শীল, তাঁর ছেলে প্রবীর কুমার শীল এবং তাদের প্রতিবেশী মনোরঞ্জন পাল।
জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে স্বর্ণালংকার তৈরির দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন পতিত পবন শীল ও প্রবীর কুমার শীল। পথে পূর্ব শানবান্দা পালপাড়া লোকনাথ মন্দিরের সামনে গোপাল পালের বাড়ির পাশে তিন থেকে চারজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। পরে রড দিয়ে তাদের মাথায় আঘাত করে সঙ্গে থাকা স্বর্ণ, রুপা ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। এ সময় তাদের চিৎকার শুনে প্রতিবেশী মনোরঞ্জন পাল এগিয়ে এলে ছিনতাইকারীরা তাঁকেও রড দিয়ে আঘাত করে আহত করে। পরে ছিনতাইকারীরা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। সেখানে আহত পবন শীলকে ভর্তি করে করে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রবীর কুমার শীল বলেন, পূর্ব শানবান্দা বাজারে তাদের স্বর্ণালংকার তৈরির দোকান রয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে একটি ব্যাগের করে প্রায় ৬০ ভরি রূপা, দুই আনা স্বর্ণ ও নগদ ৮৫ হাজার টাকা নিয়ে বাবার সঙ্গে বাড়িতে ফিরছিলেন তিনি। চার ব্যক্তি তাদের পথরোধ করে লোহার রড দিয়ে মারধর করে। তাঁর বাবা পবন শীল মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন। এরপর ছিনতাইকারীরা রূপা, স্বর্ণ ও টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি মনির হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে মাটিতে পড়ে থাকা আগ্নেয়াস্ত্রের একটি কার্তুজ উদ্ধার করা হয়। এই ঘটনায় ছিনতাইয়ের শিকার ব্যক্তির পরিবার থেকে থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।