ঢাকা রোববার, ১৬ আগস্ট ২০২৬

সদরঘাটে দু’পক্ষের হামলায় প্রাণ গেল পোশাকশ্রমিকের, আটক ১০

সদরঘাটে দু’পক্ষের হামলায় প্রাণ গেল পোশাকশ্রমিকের, আটক ১০
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ০০:১৬

পুরান ঢাকার সদরঘাট এলাকায় দুই পক্ষের হামলার ঘটনায় মিতুল (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। একই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আজ শনিবার রাতের এই ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ। 

নিহত মিতুল তৈরি পোশাক কারখানার শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিতুল হত্যার প্রতিবাদে রাতেই স্থানীয় স্বেচ্ছাসেবক দলের কিছু নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করেন। তারা স্থানীয় যুবদলের কয়েকজনের বিরুদ্ধে স্লোগান দেন। 

পুলিশ জানায়, সদরঘাট এলাকায় ইস্ট বেঙ্গল মার্কেটে ছোট ছোট একাধিক তৈরি পোশাক কারখানা রয়েছে। কারখানার শ্রমিকদের মধ্যে বেশ কয়দিন ধরে বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এর জেরে শনিবার রাত সাড়ে আটটার দিকে ১৫ তলা ওই মার্কেটে আবার হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময় কাপড় কাটা কেঁচির আঘাতে মিতুলসহ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিতুলকে মৃত ঘোষণা করেন। নিহত মিতুলের রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা তাৎক্ষণিকভাবে জানতে পারিনি পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সমকালকে বলেন, ১০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল ও আশপাশ থেকে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো দেখা হচ্ছে। 

আরও পড়ুন

×