ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ফ্যামিলি কার্ডের উদ্বোধন আজ

৯৪ জনের হাতে কার্ড, ভাতা তুলে দেবেন প্রধানমন্ত্রী

৯৪ জনের হাতে কার্ড, ভাতা তুলে দেবেন প্রধানমন্ত্রী
×

ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক ও কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ০৭:৩৫ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ | ০৭:৩৭

| প্রিন্ট সংস্করণ

পরীক্ষামূলক কার্যক্রম শেষে আজ রোববার কিশোরগঞ্জে জাতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৪টায় কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ, ভাতা, অনুদান ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির জাতীয় পর্যায়ের যাত্রা শুরু হবে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থিত ৯৪ জনের হাতে ফ্যামিলি কার্ড, ভাতা, অনুদান ও পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ১৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড, ১৫ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিকে সম্মানী ভাতা দেওয়া হবে। এ ছাড়া ১০ জন জটিল রোগী, ১৭ জন প্রতিবন্ধী, পাঁচজন দুস্থ ব্যক্তি ও ১০  মেধাবী শিক্ষার্থীকে অনুদান এবং ১৩ জন সফল মৎস্য চাষিকে পদক দেওয়া হবে। ১০ জন মৎস্য চাষিকে বিনামূল্যে পোনাও দেওয়া হবে।

একই অনুষ্ঠানে লতিবাবাদ ইউনিয়নের ৪৫৭ জন নতুন নারী উপকারভোগী হিসেবে ইএফটির মাধ্যমে ফ্যামিলি কার্ডের অর্থ পাঠানো হবে। এর মধ্য দিয়ে অতিদরিদ্র, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত পরিবারের জন্য মাসে দুই হাজার ৫০০ টাকা নগদ সহায়তার কর্মসূচিটি জাতীয় পর্যায়ে সম্প্রসারিত হচ্ছে। উদ্বোধনের পর অক্টোবরের শেষ নাগাদ পর্যায়ক্রমে দেশের সব উপজেলা ও ইউনিয়নে তথ্য সংগ্রহ ও কার্যক্রম শুরু হবে। এর পর ধাপে ধাপে সারাদেশে এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কিশোরগঞ্জে এটিই তাঁর প্রথম সফর বলে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন। সফরকালে ফ্যামিলি কার্ড উদ্বোধনের পাশাপাশি তিনি জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন ঘোষণা, মাছের পোনা অবমুক্ত ও বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সমাজসেবা অধিদপ্তর সূত্র জানায়, গত ১০ মার্চ থেকে শুরু হওয়া পাইলট কার্যক্রমে আট বিভাগের ৪২ জেলার ৫৫টি ইউনিটে এক লাখ ৯ হাজার ৬৭৯ পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে ৭৬ হাজার ৯১৫ পরিবারকে কর্মসূচির জন্য যোগ্য বিবেচনা করা হয়েছে।

আরও পড়ুন

×