বিতর্কিত লেখাটি সরিয়ে ফেলেছেন হাসপাতাল কর্তৃপক্ষ
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ২১:০৯
অবশেষে কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দরজায় টানানো বিতর্কিত লেখাটি সরিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ‘কোন মহিলা ডাক্তারকে ম্যাডাম বা স্যার ছাড়া অন্য কিছু ডাকা যাবে না’ শিরোনামে সমকালে সংবাদ প্রকাশের পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পরে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় হাসপাতাল প্রশাসন। গত শুক্রবার বিকেলে জরুরি বিভাগের দরজায় লাগানো সেই কাগজটি সরিয়ে ফেলেন কর্তৃপক্ষ।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ খান বলেন, ‘বিষয়টি জানার পরই লেখাটি সরিয়ে ফেলেছি। যিনি এই কাজ করেছেন তাকে আমরা চিহ্নিত করতে পেরেছি। তার বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তিনি জানান, ঘটনাটির জন্য আন্তরিকভাবে দুঃখিত তারা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরও বলেন, ‘আমরা জনগণের সেবক, জনগণের সেবা করাই আমাদের কাজ। জনগণ আমাদের কাছে আসবেন, আমরা সর্বোচ্চ সেবাটা দেওয়ার চেষ্টা করব এটাই আমাদের কাজ। ডাক্তারকে স্যার বা ম্যাডাম বলতে হবে এমন কোনো নিয়ম নেই।’