নোয়াখালীতে ৩ খুনের মামলায় তিনজনের ফাঁসি
রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়। ছবি: সংগৃহীত
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ | ০৯:১৮
নোয়াখালী সরকারি কলেজের তিন শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ১ লাখ টাকা হারে অর্থদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক বছরের দণ্ডাদেশ দিয়েছেন আদালত। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় দুজনকে মামলায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।
গতকাল রোববার দুপুর ১২টার দিকে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ জজ মো. শওকত আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত একমাত্র আসামি ফিরোজ মাহমুদ আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন। আদালতের সরকারি পিপি তাফাক্কর হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বেগমগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের মফিজ উল্যার বাড়ির কুদরত উল্যাহর ছেলে ওমর নাসির সাজু (৩২), ওমর শরীফ সুলতান (২৫) এবং নোয়াখালী পৌরসভার শান নগর মহল্লার তোফায়েল আহম্মেদের ছেলে মো. সৌরভ (২৭)। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন বেগমগঞ্জ উপজেলার ফিরোজ মাহমুদ (২৭), কুদরত উল্যাহ (৬৫) ও হারুনুর রশীদ বাবুল (৪৫)। আর বেকসুর খালাসপ্রাপ্তরা অনন্তপুর গ্রামের ফয়সাল মাহমুদ ও মোঃ মামুন।
২০১৬ সালের ২১ মার্চ দুপুরে নোয়াখালী সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক শাখা (পুরাতন কলেজ) এর পাশে একটি পুকুরে কুকুর গোসল করানোকে কেন্দ্র করে এবং এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ও নোয়াখালী পৌরসভার সীমান্তবর্তী এলাকা অনন্তপুর গ্রামে ওই দিন রাত ৯টার সময় অনন্তপুর গ্রামের হাজী কুদরত উল্যাহর ছেলে সাজু ও সৌরভ তিন যুবককে পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি করে। এতে বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নোয়াখালী সরকারি বিশবিশ্বদ্যালয় কলেজ ছাত্র মাইজদী গ্রামের মৃত নুর আলমের ছেলে সাইফুল ইসলাম ওয়াসিম মারা যান। এ সময় গুলিবিদ্ধ হয়ে তাঁর দুই বন্ধু একই গ্রামের শিক্ষার্থী জয়নুল আবেদীনের ছেলে ফজলে রাব্বী রাজিব (২২) ও মৃত নুরুল হকের ছেলে জামসেদুল হক ইয়াছিন (২৩) আহত হন। তারা দুজনেই পেটে গুলিবিদ্ধ হয়েছিলেন। তারা দুজনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় গত ২২ মার্চ রাতে নিহত রাজিবের মা কামরুন নাহার ছবি বাদী হয়ে সাজুকে প্রথম আসামি করে এবং ৮ জনের নাম উল্লেখ করে ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
- বিষয় :
- নোয়াখালী