ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

পড়াতে পড়াতে শ্রেণিকক্ষেই শিক্ষকের মৃত্যু

পড়াতে পড়াতে শ্রেণিকক্ষেই শিক্ষকের মৃত্যু
×

ক্বারী ইব্রাহীম

‎লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ১৭:৪৬

লক্ষ্মীপুরের রায়পুরে মাদরাসায় পাঠদানকালে হঠাৎ অসুস্থ হয়ে ক্বারী ইব্রাহীম নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মধ্য সাগরদী এলাকার হযরত খাদিজাতুল কোবরা (রা.) দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।

‎মাদরাসা সূত্রে জানা যায়, সোমবার সকালে নিয়মিত পাঠদান করাচ্ছিলেন ক্বারী ইব্রাহীম। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে শ্রেণিকক্ষেই ঢলে পড়েন তিনি। পরে দ্রুত তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।

‎নিহত ক্বারী ইব্রাহীম দীর্ঘ প্রায় ২০ বছর ধরে মধ্য সাগরদী হযরত খাদিজাতুল কোবরা (রা.) দাখিল মাদরাসায় শিক্ষকতা করে আসছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি শিক্ষার্থীদের কোরআন শিক্ষাদানেও যুক্ত ছিলেন।

‎সোমবার রাতে জোহরের নামাজের পর মধ্য সাগরদী জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাপুরের চর লরেঞ্চ এলাকায় নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে আসরের নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

‎মাদরাসার সুপার মাওলানা ইমরান বিন নাজির বলেন, ক্বারী ইব্রাহীম দীর্ঘ প্রায় ২০ বছর ধরে এই মাদরাসায় নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা করেছেন। তার আকস্মিক মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ শিক্ষক ও ভালো মানুষকে হারালাম। তার মৃত্যুতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই গভীরভাবে শোকাহত।

‎মাদরাসার সহ-সভাপতি ও রায়পুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, ক্বারী ইব্রাহীম ছিলেন একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল শিক্ষক। কর্মস্থলে ক্লাস নেওয়ার সময় তার এমন আকস্মিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করেন।

‎কর্মস্থলে পাঠদানরত অবস্থায় একজন শিক্ষকের এমন আকস্মিক মৃত্যুতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

×