সোনারগাঁয়ে স্বরাষ্ট্রমন্ত্রী
মহাসড়কে এআই ক্যামেরার কারণে চাঁদাবাজি কমবে
ছবি- সংগৃহীত
কুমিল্লা ও সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ২২:৪৭ | আপডেট: ১৮ আগস্ট ২০২৬ | ২৩:০৪
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরার নজরদারির কারণে মহাসড়কে চাঁদাবাজি কমবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, মহাসড়কে যে চাঁদাবাজি হয়, সেটা মালিকপক্ষ থেকে হোক; শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক অথবা পুলিশের পক্ষ থেকে হোক– সবকিছু ক্যামেরায় যেহেতু রেকর্ড থাকবে, আশা করি, এই প্রবণতা কমবে। আমি বিশ্বাস করি, জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারব।
মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশ যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৯০টি পিলারে স্বয়ংক্রিয় ক্যামেরা ও এআই প্রযুক্তির ক্যামেরা স্থাপন করা হয়েছে। নির্ধারিত গতিসীমা লঙ্ঘন, ট্রাফিক আইন ভঙ্গ, উল্টো পথে চলাচল, ওভারটেকিং ও সাইন-সিগন্যাল অমান্য করার মতো অপরাধ ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে।
তিনি আরও বলেন, স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ করে সেই তথ্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে পাঠানো হবে। গাড়ির মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জরিমানার তথ্য জানানো হবে। নির্ধারিত মোবাইল ফোন আর্থিক সেবার মাধ্যমে জরিমানা পরিশোধের সুযোগ থাকবে। তিনবার জরিমানা হলে গাড়ির নিবন্ধন বাতিল হবে কিনা, তা বিআরটিএর আইন অনুযায়ী সিদ্ধান্ত হবে।
মন্ত্রী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম চালুর পর এর ভুলত্রুটি চিহ্নিত করে সংশোধন করা হবে। এরপর পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কে এই ব্যবস্থা চালু করা হবে। অটো ফাইন সিস্টেম সম্পর্কে জনগণকে সচেতন করতে হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ পুলিশ পত্রিকা, সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার চালাবে।
তিন চাকার যানকে (থ্রি-হুইলার) একটি শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তবে কোনো অবস্থাতেই মহাসড়কে নন-মোটরাইজড যানবাহন বা থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না। লাইসেন্সবিহীন যানবাহন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব যানবাহনের লাইসেন্স নেই, সেগুলোর বিরুদ্ধে পুলিশ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজি আলী হোসেন ফকির, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির প্রমুখ।
এআই ক্যামেরার নজরদারি শুরু হতেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একের পর এক ট্রাফিক আইন লঙ্ঘন ধরা পড়ছে। প্রথম দিন প্রায় ৮ ঘণ্টায় এআই ক্যামেরার মাধ্যমে ৪২৯টি মামলা করা হয়েছে। হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
- বিষয় :
- স্বরাষ্ট্রমন্ত্রী
- মহাসড়ক
- ক্যামেরা