এমপি ফখর উদ্দিনের বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ
জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে জাল দলিল তৈরি করে জমি দখলের চেষ্টার অভিযোগ তোলা হয়
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ০৮:১৬ | আপডেট: ১৯ আগস্ট ২০২৬ | ১১:০১
| প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য (এমপি) ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে জাল দলিল তৈরি করে জমি দখলের চেষ্টা এবং ওই জমি ব্যাংকে বন্ধক রেখে ঋণ নেওয়ার পাঁয়তারা করার অভিযোগ তুলেছে একটি পরিবার। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন প্রয়াত ছফির উদ্দিনের ছেলে মো. হান্নান হোসেন, মো. জাকির হোসেন, মো. সাকির হোসেন ও মো. আলম হোসেন এবং তাঁর নাতি মো. ওয়াহাব মিয়া।
লিখিত বক্তব্যে তারা বলেন, তারা ময়মনসিংহের ভালুকা উপজেলার বাশিল গ্রামের বাসিন্দা। তাদের দাদা মদন শেখের নামে বাশিল মৌজার এসএ খতিয়ান-২০ ছিল। দাদার মৃত্যুর পর তাদের বাবা ছফির উদ্দিনের নামে বিআরএস খতিয়ান-৩৩৯ লিপিবদ্ধ হয়। ওই খতিয়ানে আটটি দাগে মোট ২ একর ৯৬ শতাংশ জমি আছে।
তাদের দাবি, ছফির উদ্দিন মৃত্যুকালে দুই স্ত্রী, ছয় ছেলে, চার মেয়েসহ ১২ জন ওয়ারিশ রেখে যান। উত্তরাধিকার সূত্রে তারা দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করে আসছেন। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরেও ২ একর ১৯ শতাংশ জমির খাজনা পরিশোধ করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, ৮ আগস্ট একদল লোক ওই জমি পরিদর্শনে গেলে তারা জানতে পারেন, তারা প্রিমিয়ার ব্যাংকের ঢাকা বনানী শাখার কর্মকর্তা। তাদের দাবি, এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ওই জমি ব্যাংকে বন্ধক রেখে বিপুল পরিমাণ ঋণ নেওয়ার চেষ্টা করছেন। প্রতিবাদ করলে ব্যাংকের কর্মকর্তারা সেখান থেকে চলে যান। পরে ইউনিয়ন ভূমি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে বিভিন্ন নথি সংগ্রহ করে জানতে পারেন, তাদের বাবার খতিয়ানের জমি নিয়ে একটি ভুয়া ওয়ারিশান সনদ এবং জাল দলিল তৈরি করা হয়েছে। তাদের অভিযোগ, ২০২৪ সালের ৩ ডিসেম্বরের একটি দলিলে ২ একর ১৯ শতাংশ জমি দেখিয়ে তা ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর মালিকানাধীন ভাওয়াল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের নামে নামজারি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তাদের দাবির সমর্থনে এসএ ও বিআরএস খতিয়ানের অনুলিপি, ওয়ারিশান সনদ, ওয়ারিশদের জাতীয় পরিচয়পত্রের কপি, খাজনার রসিদ, কথিত জাল ওয়ারিশান সনদ, দলিলের কপি এবং নামজারি-সংক্রান্ত নথি উপস্থাপন করা হয়।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, শিল্পাঞ্চলে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির অভিযোগে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে চলতি বছরের ১৮ জুলাই কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় বিএনপি।
এ ছাড়া বাচ্চুর অনুসারীদের বিরুদ্ধে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে হামলা, গুলিবর্ষণ ও প্রতিপক্ষ বিএনপি নেতা মোর্শেদ আলমের বিরুদ্ধে মিথ্যা মামলা করা এবং একাধিকবার হামলা করার অভিযোগ রয়েছে।
- বিষয় :
- জমি দখল