ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কারখানা বিক্রির আশঙ্কায় সড়ক অবরোধ, শ্রমিকদের বিক্ষোভ

কারখানা বিক্রির আশঙ্কায় সড়ক অবরোধ, শ্রমিকদের বিক্ষোভ
×

ছবি- সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ১৭:১৮

কারখানা বিক্রি বা হস্তান্তরের আশঙ্কা এবং বকেয়া পাওনা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রামের ইত্যাদি জিন্স লিমিটেডের শ্রমিকরা। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে নগরের আতুরের ডিপো এলাকার প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। দুপুর পর্যন্ত বিক্ষোভ চলায় ব্যস্ততম ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, কারখানাটি বিক্রি করে দেওয়া হবে বলে তাদের জানানো হয়েছে। কারখানা বন্ধ বা বিক্রি করা হলে আইন অনুযায়ী শ্রমিকদের সব পাওনা পরিশোধ করতে হবে। কিন্তু কর্তৃপক্ষ তাদের পাওনা পরিশোধের বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। তাই বকেয়া বেতন, দীর্ঘদিনের চাকরির পাওনা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করার দাবিতে তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন।

শ্রমিকদের দাবি, কারখানাটিতে ১৫ বছর ধরে কাজ করছেন এমন অনেক শ্রমিক রয়েছেন। তাদের আইন অনুযায়ী তিন মাসের অগ্রিম বেতন, লিভ স্যালারি ও অন্যান্য পাওনা দ্রুত পরিশোধ করতে হবে।

ইত্যাদি জিন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (এইচআর) রাশেদ সিকদার বলেন, কারখানাটি হস্তান্তরের কথা ছিল। তবে শ্রমিকরা কাজ করবেন বলে জানালে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়। মালিকপক্ষ কারখানাটি আবার চালু করবে বলেও শ্রমিকদের জানানো হয়েছে। এ বিষয়ে গত ১৫ আগস্ট একটি নোটিশও দেওয়া হয়েছে। এরপরও শ্রমিকরা কেন আন্দোলন করছেন, তা তাদের বোধগম্য নয়। তিনি দাবি করেন, শ্রমিকদের কোনো বেতন বকেয়া নেই।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেতন-ভাতার দাবিতে এর আগে শ্রমিকরা চার দিন কর্মবিরতি পালন করেন। এতে ক্ষুব্ধ হয়ে কারখানা কর্তৃপক্ষ তাদের চার দিনের বেতন কেটে রাখে। পরে শ্রমিকদের আন্দোলনের মুখে মালিকপক্ষ ওই টাকা পরিশোধের আশ্বাস দিলেও তা এখনো দেওয়া হয়নি বলে অভিযোগ শ্রমিকদের।

শিল্প পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, শ্রমিকদের সড়ক অবরোধের খবর পেয়ে শিল্প ও থানা পুলিশ ঘটনাস্থলে যায়। উভয় পক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, কারখানাটিতে দীর্ঘদিন ধরে পাওনা নিয়ে শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের বিরোধ চলে আসছে। এর মধ্যে কারখানাটির মালিকানায় পরিবর্তন এসেছে। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে চলমান সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×