ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

চুরির অপবাদে নারীকে গাছে বেঁধে নির্যাতন

চুরির অপবাদে নারীকে গাছে বেঁধে নির্যাতন
×

প্রতীকী ছবি

 নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ০৯:২৯ | আপডেট: ২১ আগস্ট ২০২৬ | ০৯:৪৫

| প্রিন্ট সংস্করণ

নোয়াখালীর সেনবাগে মুরগি চুরির অপবাদ দিয়ে এক প্রবাসীর স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার  নাম মো. লিংকন। এদিকে ওই নারী গত বুধবার সংবাদ সম্মেলন করে অন্য আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। 

ওই গৃহবধূ স্থানীয় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, মুরগি চুরির অপবাদ দিয়ে তাঁকে মারধর, নির্যাতন করা হয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

গত ১৪ আগস্ট রাতে উপজেলার বীজবাগ ইউনিয়নে পূর্ব শ্যামেরগাঁও গ্রামে নির্যাতনের ওই ঘটনা ঘটে। ঘটনাটির ২০ সেকেন্ডের একটি ভিডিও পরে সামাজিক মাধ্যম ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, ওই নারীকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। আশপাশে থাকা কয়েকজন মোবাইল ফোনে ছবি তুলছেন এবং ভিডিও ধারণ করছেন। এক পর্যায়ে ওই নারীর হাতে কয়েকটি মুরগি ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। 
ঘটনার দুই দিন পর সেনবাগ থানায় চারজনকে আসামি করে মামলা করেন ওই নারী। এর পর অভিযান চালিয়ে লিংকনকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বীজবাগ ইউনিয়নের কাজিরখীল গ্রামের ফরাজি বাড়ির বাসিন্দা।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, গাছে বেঁধে রাখার ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। নারীর লিখিত অভিযোগ নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে।  
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ওসি আরও বলেন, ওই নারী মুরগি চুরি করেননি। স্থানীয় একটি খামারের কর্মচারীরা মুরগি চুরি করে ওই নারীর কাছে বিক্রি করেছিলেন। 
 

আরও পড়ুন

×