ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ট্রান্সফরমার চুরির চেষ্টা

যুবককে বেঁধে মারধরের পর পুলিশে সোপর্দ

যুবককে বেঁধে মারধরের পর পুলিশে সোপর্দ
×

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ২২:৫৯

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমার চুরির চেষ্টার অভিযোগে এক যুবককে গাছে বেঁধে মারধর করেছে স্থানীয় জনতা। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তাঁর সহযোগী দুইজন পালিয়ে যায়।

শুক্রবার ভোরে উপজেলার রাঢ়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আটক মো. ইউসুফ বেগমপুর এলাকার বাসিন্দা। পালিয়ে যাওয়া তাঁর দুই সহযোগীর নাম শামীম ও আফজাল।
মতলব উত্তর থানা পুলিশ, পল্লী বিদ্যুৎ সমিতি ও স্থানীয়রা  জানায়, ভোরে ইউসুফ ও দুই সহযোগী রাঢ়িকান্দি এলাকার একটি বিদ্যুতের খুঁটিতে ওঠে ট্রান্সফরমার খোলার চেষ্টা করছিলেন। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে খুঁটির নিচে জড়ো হতে থাকে। এ সময়ে তিনজন খুঁটি থেকে নেমে পালিয়ে যায়। তবে ধরা পড়ে যান ইউসুফ। পরে ইউসুফকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী রাকিব হোসেন বলেন, দেড় মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৩টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এসব ট্রান্সফরমারের বাজারমূল্য ২০ লাখ টাকা। এভাবে একের পর এক ট্রান্সফরমার চুরি হওয়ায় বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটেছে। তিনি আরও জানান, চুরির  প্রতিটি ঘটনাতেই থানায়  মামলা করা হয়েছে। শুক্রবারের ঘটনায় মো. ইউসুফকে আসামি করা হয়েছে।

মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, আটক ইউসুফকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

×