ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহে এনসিপির ১৪ নেতাকর্মীর পদত্যাগ

ময়মনসিংহে এনসিপির ১৪ নেতাকর্মীর পদত্যাগ
×

সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ২৩:৪৯

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এনসিপির আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করছেন ১৪ নেতাকর্মী। হত্যা মামলার আসামিদের নিয়ে কমিটি গঠনের অভিযোগ তুলে গতকাল শনিবার ফুলবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির ফুলবাড়িয়া উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সানাউল্লাহ, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ওমর শরীফ, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল জুবায়ের এবং সাংগঠনিক সম্পাদক নবী হোসেন। আরও পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়ক তাউল ওসমান গনি, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন চৌধুরী, জুলাইবিষয়ক সম্পাদক মোছাম্মৎ আকলিমা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল, সদস্য এভারেস্ট। বাকি তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৭ আগস্ট এনসিপির ফুলবাড়িয়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির কয়েকটি গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন বিতর্কিত লোকজন, যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সহযোগী হিসেবে পরিচিত। কমিটি গঠনের আগে স্থানীয় দায়িত্বশীল নেতাকর্মীর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি।

ইঞ্জিনিয়ার ওমর শরিফ বলেন, ‘বিতর্কিত কমিটির প্রতিবাদে আমরা ১৪ জন ফুলবাড়িয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করার সিদ্ধাস্ত নিয়েছি।’

ফুলবাড়িয়া উপজেলা এনসিপির আহ্বায়ক মনজুরুল হক মামুনের ভাষ্য, সবার সঙ্গে আলোচনা করেই কমিটি গঠন করা হয়েছে। সম্ভবত অন্য কোনো দলে প্রবেশ কিংবা সুবিধা পাওয়ার জন্য সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কয়েকজন।

আরও পড়ুন

×