ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ‘ওশান উইনারে’ চতুর্থ ইঞ্জিনিয়ার ছিলেন বাংলাদেশি মামুন

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ‘ওশান উইনারে’ চতুর্থ ইঞ্জিনিয়ার ছিলেন বাংলাদেশি মামুন
×

মো. আবদুল্লাহ আল মামুন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ০৩:১২

ভারতের পূর্ব উপকূলের কাছে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পানামার পতাকাবাহী কার্গো জাহাজ ‘ওশান উইনার’-এর চতুর্থ ইঞ্জিনিয়ার ছিলেন বাংলাদেশি মো. আবদুল্লাহ আল মামুন। জাহাজটি ডুবে যাওয়ার প্রায় ৩৮ ঘণ্টা পরও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। মামুনের বাড়ি সাতক্ষীরায়।

১৯৯৪ সালের ২ অক্টোবর জন্ম নেওয়া আবদুল্লাহ আল মামুন গত ২৬ এপ্রিল ‘ওশান উইনার’ জাহাজে চতুর্থ ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন। জাহাজটি ডুবে যাওয়ার পর থেকে তাঁর সন্ধানে ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বয়ে উদ্ধার অভিযান চলছে।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী বলেন, ‘ভারতের নৌবাহিনী ও কোস্টগার্ড সার্চ অ্যান্ড রেসকিউ অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত তারা মামুনের সন্ধান পায়নি। তবে যে কোম্পানি মামুনকে নিয়োগ দিয়েছে, তাদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।’

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন বলেন, জাহাজটিতে থাকা ২৪ নাবিকের মধ্যে দুজন চীনা নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। মামুনকে উদ্ধারে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেশি-বিদেশি বিভিন্ন দপ্তরে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে।

জানা গেছে, ‘ওশান উইনার’ শুক্রবার ভারতের পূর্বাঞ্চলীয় প্যারাদ্বীপ বন্দর থেকে চীনের উদ্দেশে লোহার আকরিক নিয়ে যাত্রা করে। বন্দর থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে জাহাজটি ডুবে যায়।

জাহাজটিতে ২৪ জন নাবিক ছিলেন। এর মধ্যে দুজন চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ২২ নাবিকের মধ্যে ১৮ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।

আরও পড়ুন

×