নোয়াখালীর বেগমগঞ্জ
দুই ছাত্র গুলিবিদ্ধ, ১৭ দিনে ১০ জন
প্রতীকী ছবি
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ১১:১১
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে মোটরসাইকেলে থাকা দুই স্কুলছাত্র গুলিবিদ্ধ হয়েছে। গত শনিবার রাতে উপজেলার জিরতলী ইউনিয়নের বাংলাবাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলো বারিচাতল গ্রামের প্রবাসী তৌহিদুল ইসলামের ছেলে সাকিব আল হাসান (১৬) ও একই গ্রামের কফিল উদ্দিন শিপনের ছেলে সাখাওয়াত হোসেন নাদিম (১৭)। তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনই বাংলাবাজার সামছুন নাহার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলির ঘটনায় গতকাল রোববার বিকেল ৪টা পর্যন্ত থানায় কোনো মামলা বা অভিযোগ দেওয়া হয়নি। বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে বেগমগঞ্জে আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতা ও রাজনৈতিক বিরোধের জেরে গত ১৭ দিনে ১০ জনের ওপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। গত ৬ থেকে ২২ আগস্ট উপজেলার বাংলাবাজার আলাইয়ারপুর, গোপালপুর ও চৌমুহনী পৌর হকার্স মার্কেট এলাকায় এসব গুলির ঘটনা ঘটে। প্রতিটি ঘটনার পর থানায় মামলা হলেও কোনো অস্ত্রধারীকে ধরতে পারেনি পুলিশ। অপরাধী গ্রেপ্তার নিয়ে ভুক্তভোগীদের তরফ থেকে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ উঠেছে।
গতকাল দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন সাকিব ও নাদিমের সঙ্গে কথা হয়। সাকিব জানায়, শনিবার রাত পৌনে ১০টার দিকে বাংলাবাজারে দুলাভাইয়ের কাপড়ের দোকান থেকে বের হয় সে। পরে তার মামার মোটরসাইকেলে তিন বন্ধু নাদিম, সাকিব ও সাহিল বাড়ির উদ্দেশে রওনা দেয়। তারা বাংলাবাজার রাইস মিলের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজি অটোরিকশায় ১০-১২ জন লোক তাদের মোটরসাইকেল থামাতে বলে। মোটরসাইকেলের পেছনে বসা সাকিব অটোরিকশায় থাকা সবার হাতে আগ্নেয়াস্ত্র দেখতে পায়। ভয়ে সে নাদিমকে দ্রুত মোটরসাইকেল টান দিতে বলে। নাদিম মোটরসাইকেলের গতি বাড়িয়ে দিলে অটোরিকশা থেকে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে সাকিবের পিঠ, বাঁ পা ও হাত এবং নাদিমের বাঁ হাতে গুলি লাগে। কিছুদূর যাওয়ার পর তারা মোটরসাইকেল থেকে পড়ে যায়। এ সময় আশপাশের মানুষ এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রাজিব আহমেদ চৌধুরী বলেন, রাতে গুলিবিদ্ধ অবস্থায় নাহিদ ও সাকিব নামের দুই স্কুলছাত্রকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাদের চিকিৎসা দিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, ‘শনিবার রাতে উপজেলার বাংলাবাজার এলাকায় মুখোশ পরিহিত ১০-১২ সন্ত্রাসী সিএনজি করে এসে দুই স্কুলছাত্রকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। তারা গুলিবিদ্ধ হয়। হাসপাতালে দেখতে গিয়ে কথা বলেছি। মুখোশ পরিহিত থাকায় আহত ছাত্ররা হামলাকারীদের কাউকে চিনতে পারেনি। রোববার বিকেল পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।’
- বিষয় :
- নোয়াখালী