ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা

ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা
×

ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল- সমকাল

 ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ০৮:০১

| প্রিন্ট সংস্করণ

পাবনার ঈশ্বরদীতে সাত বছর পর বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। তবে নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। পদবঞ্চিত নেতা ও তাদের অনুসারীরা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও ঝাড়ুমিছিল করেছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে শহরে বিক্ষোভ ও ঝাড়ুমিছিলটি বের করা হয়। 
গত শনিবার বিএনপির পাবনা জেলা আহ্বায়ক কমিটি ঈশ্বরদী উপজেলা ও পৌর কমিটির অনুমোদন দেয়। জেলা বিএনপির দলীয় প্যাডে নতুন কমিটির অনুমোদন দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। 

ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে মো. জিয়াউল ইসলাম সন্টু সরদার ও শরিফুল ইসলাম তুহিনকে সদস্য সচিব এবং মাহবুবুর রহমান পলাশকে ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক ও ইমরুল কায়েস সুমনকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়। 
নতুন কমিটির নেতারা জেলা বিএনপির নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক মাহ্বুবুর রহমান পলাশ বক্তব্য দেন।

এদিকে উপজেলা ও পৌর কমিটি ঘোষণার পর নতুন কমিটি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু ফেসবুকে তাঁর অনুসারী নেতাকর্মীদের আন্দোলন করার জন্য প্রস্তুত থাকার কথা বলেন। এরই অংশ হিসেবে রোববার রাতে শহরে বিক্ষোভ ও ঝাড়ুমিছিল বের করেন তাঁর অনুসারী নেতাকর্মীরা। 
মিছিল শেষে ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেটের সামনে পথসভায় বক্তব্য দেন বিএনপিনেতা বিষ্টু কুমার সরকার, ইসলাম হোসেন জুয়েল, আনোয়ার হোসেন জনি, সেন্টু সরদার, জাহাঙ্গীর আলম, মনিরুজ্জামান টুটুল সরদার, আক্কাছ আলী, সাবেক ছাত্রনেতা খন্দকার তৌফিক আলম সোহেল, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, যুবদল নেতা হিরক সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতারা।
এদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে রোববার রাতে উপজেলার দাশুড়িয়ায় আনন্দমিছিল বের করেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

আরও পড়ুন

×