ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

গাংনীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

বই দেখে লিখছিলেন, ভিডিও করায় ২ সাংবাদিকের ওপর হামলা

বই দেখে লিখছিলেন, ভিডিও করায় ২ সাংবাদিকের ওপর হামলা
×

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ | ২০:৩৪

মেহেরপুরের গাংনী উপজেলায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষায় অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। শুক্রবার উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি আহম্মেদ ও দৈনিক খবরের কাগজের মেহেরপুর জেলা প্রতিনিধি এসএম তারিক। এ ঘটনায় শিক্ষক মনিরুজ্জামান বিপ্লব ও বাবর আলীর নাম উল্লেখসহ আরও সাত-আটজনকে অজ্ঞাতনামা আসামি করে গাংনী থানায় মামলা করেছেন সাংবাদিক রাব্বি আহাম্মেদ।

রাব্বি আহাম্মেদ জানান, টাকার বিনিময়ে শিক্ষার্থীদের বই দেখে লেখার সুযোগ দেওয়ার খবর পেয়ে তারা পরীক্ষা কেন্দ্রে যান। সেখানে গিয়ে তারা পরীক্ষার্থীদের বই খুলে লেখতে দেখেন। এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে শিক্ষক মনিরুজ্জামান বিপ্লব, বাবর আলীসহ কয়েকজন তাদের ওপর হামলা চালান।

সাংবাদিক এসএম তারিক বলেন, ‘আমরা পরীক্ষার হলে গিয়ে দেখি, পরীক্ষার্থীরা বই দেখে লিখছেন। এ বিষয়ে জানতে চাইলে দুই শিক্ষক ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর হামলা চালান। তারা আমাদের দুটি মোবাইল ফোনসেট এবং টেলিভিশনের বুম মাইক্রোফোন ছিনিয়ে নেন। পরে আমাদের একটি কক্ষে আটকে রাখা হয়। সেখান থেকে কৌশলে বের হয়ে আসি।’

তবে মনিরুজ্জামান বিপ্লব সাংবাদিকদের মারধর করা ও মোবাইল ফোনসেট কেড়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের জ্ঞাতসারে বই দেখে লিখতে দেওয়া হয় না। পরীক্ষায় বই দেখে লেখার কোনো নিয়ম নেই।

এদিকে দুই সাংবাদিকের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে মেহেরপুরের সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। জেলার সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা, হামলা, আটকে রাখা এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোনসেট ও সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, এ ঘটনায় সাংবাদিক রাব্বি আহাম্মেদ বাদী হয়ে দুজন শিক্ষকের নাম উল্লেখসহ সাত-আটজনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেছেন। ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কারা হামলার সঙ্গে জড়িত, কী কারণে এ ঘটনা ঘটেছে এবং সাংবাদিকদের কাছ থেকে মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম নেওয়া হয়েছে কিনা– সবকিছুই খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন

×