ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

হবিগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
×

হবিগঞ্জ সদর হাসপাতালে গতকাল শনিবার রোগীর সঙ্গে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সমকাল

 হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ০৮:১৮

| প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি। পরিদর্শনকালে কর্মস্থলে অনুপস্থিত থাকায় রিগান হোসেন নামে এক ফার্মাসিস্টকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছেন তিনি।

গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সার্জারি বিভাগ ও বহির্বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এ সময় তিনি রোগীদের চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং হাসপাতালের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে প্রচণ্ড অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, দেশের অন্যান্য জেলার তুলনায় হবিগঞ্জ সদর হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা বেশ খারাপ। তিনি পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার কড়া নির্দেশ দেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী তিন সপ্তাহ পর সারাদেশে আবারও হাম প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হবে। তিনি 
শিশুদের শালদুধ খাওয়ানো নিশ্চিত করা এবং অভিভাবক ও মায়েদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে সাধারণ রোগীরা স্বাস্থ্যমন্ত্রীকে কাছে পেয়ে হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা ও সেবার মান নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন। 
এ সময় মন্ত্রীর তাদের অভিযোগের কথা ধৈর্য ধরে শোনেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে সব ধরনের সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার  নির্দেশনা দেন।
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনকালে হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব, হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকারসহ জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাসপাতালের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×