ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

নারী ব্যবসায়ীকে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মারধর

নারী ব্যবসায়ীকে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মারধর
×

নারীকে লাথি মারছেন এক যুবক

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ২১:২৮

রাজবাড়ীতে কাপড় বাজার ব্যবসায়ীদের বিক্ষোভ চলার সময় এক নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি নিয়ে চলছে কঠোর সমালোচনা। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ওই নারীকে মারধর করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। অনেকে বলছেন, একজন অপরাধী হলেও প্রকাশ্যে লাঞ্ছিত করার অধিকার কারও নেই। পুলিশ হেফাজতে থাকা নারীকে মারধর করা কিছুতেই মেনে নেওয়া যায় না। 

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাদেরিয়া মার্কেটের তৃতীয় তলায় ওই নারীর দোকান আছে। তাঁর দোকানের এক নারী কর্মচারী নিজে আলাদা দোকান করার উদ্যোগ নেন। তবে দোকানের মালিক ওই নারী তাঁর কর্মচারীকে আলাদা দোকান করার ক্ষেত্রে বাধা দিচ্ছেন। এ নিয়ে ব্যবসায়ী নেতাদের কাছে অভিযোগ দেন দোকান মালিক ওই নারী। ব্যবসায়ী সমিতির নেতারা এর সমাধান দিতে না পারায় শনিবার তিনি শতাধিক নারীসহ হ্যান্ডমাইক নিয়ে কাদেরিয়া মার্কেটের নিচতলায় মিছিল করেন। পরিবেশ ক্রমশ উত্তপ্ত হতে থাকলে কাপড় ব্যবসায়ীরা ওই নারীর বিচার দাবিতে সব দোকান বন্ধ করে দেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে থানায় যান। পুলিশ ওই নারীকে হেফাজতে নেওয়ার পর তাঁর ওপর হামলা হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কাপড় বাজার ব্যবসায়ী সমিতির লোকজন মিছিল করছেন। একজন নারী পুলিশ কনস্টেবল দোকান মালিক ওই নারীকে নিয়ে যাচ্ছেন। এ সময় কয়েকজন ওই নারীকে লাথি দেয় ও ঘুষি মারে। রোববার দুপুরে কাপড় বাজারে গিয়ে মারধর করা ব্যক্তিদের সম্পর্কে তথ্য জানতে চাইলে ব্যবসায়ীরা জানান, ওরা বাইরের লোক। 

এ বিষয়ে ওই নারীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বলেন, তিনি ১২ বছর ধরে ব্যবসা করেন। তাঁর দোকানে এক বছরের বেশি কোনো কর্মচারী রাখতে পারেন না। নানাভাবে ফুসলিয়ে নিয়ে যায় অন্যরা। এক কর্মচারীকে কাজে রাখা নিয়ে বিরোধের জের ধরে তাঁর নারী সহকর্মীরা মিছিল করে। ওই সময় ব্যবসায়ীরা তাদের ওপর হামলা করেছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে বলেন, প্রকাশ্যে তাঁকে লাঞ্ছিত করা হয়েছে। তিনি মামলা করার কথা ভাবছেন। 

রাজবাড়ী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক বেনজির আহমেদ জানান, ঘটনাটি শুনে তিনি কাপড় বাজারে গিয়ে উভয়পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেন। ওই নারীর বিরুদ্ধে বহুদিন ধরে নানা অভিযোগ শুনছেন। ওই নারীর দোকানের এক কর্মচারী আলাদা দোকান করতে চায়। কিন্তু তাঁকে দোকান করতে না দেওয়ায় ঝামেলার শুরু। ওই নারীকে কাপড় বাজারে আর ব্যবসা করতে দেওয়া হবে না– এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শাসমুল হক জানান, এ নিয়ে কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। উভয়পক্ষ বসে বিষয়টির মীমাংসা করবে বলে শুনেছেন। 

ওই নারীকে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় লাঞ্ছিত করার বিষয়ে বলেন, ‘আমরা ভিডিওটি এখনও দেখিনি। ভুক্তভোগী নারী এ বিষয়ে অভিযোগ দিলে পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে।’

আরও পড়ুন

×