গাইবান্ধায় ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু
সংগৃহীত ছবি
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৫০
গাইবান্ধায় নৌকা থেকে বিলের পানিতে পড়ে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা মইনুল ইসলামের (৪৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় পানিতে পড়ে যাওয়া ছেলে মাহিদকে (১০) স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ানির বিলে এ ঘটনা ঘটে।
নিহত মইনুল ইসলাম পূর্ব শিমুলতাইড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে মইনুল ইসলাম তার ছেলে মাহিদকে সঙ্গে নিয়ে নৌকায় করে তেলিয়ানির বিলে জাল দিয়ে মাছ ধরতে যান। একপর্যায়ে নৌকায় থাকা তার ছেলে গভীর পানিতে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে মইনুল ইসলাম পানিতে ঝাঁপ দিলে তিনিও নিখোঁজ হন।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে মইনুল ইসলামের ছেলেকে জীবিত উদ্ধার করা হয়। পরে দীর্ঘ খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে মইনুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।
গাইবান্ধার সাঘাটা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সাদেকুল ইসলাম বলেন, স্থানীয় ব্যক্তিদের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে। প্রথমে ছেলেকে জীবিত উদ্ধার করা হলেও প্রায় ৪৫ মিনিট অভিযান চালানোর পর বাবা মইনুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম মুঠোফোনে বলেন, বাবা-ছেলে দুজন নিখোঁজ হলে বাবার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে।
- বিষয় :
- গাইবান্ধা
- পানিতে ডুবে মৃত্যু