ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে ৩ টাইম বোমা বিস্ফোরণ

মেহেরপুরে ৩ টাইম বোমা বিস্ফোরণ
×

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৫১

মেহেরপুরের গাংনীতে পৃথক স্থানে ৩টি টাইম বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে গাংনী বাজারে হাসানের চায়ের দোকানের পাশে দুটি ও বাঁশবাড়িয়া আনসার ভিডিপি ক্লাবের উপরে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণস্থলের ৫০ গজ অদূরে উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় ও বাঁশবাড়িয়া বিএনপির জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গাংনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডাম সুমন জানান, আজকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী প্রোগ্রাম রয়েছে। এ কারণে কয়েকজন নেতাকর্মী নিয়ে বিএনপি অফিসের কাছাকাছি একটি চায়ের দোকানের পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ বিকট শব্দে দু’টি টাইম বোমা বিস্ফোরিত হয়। পরে ধোঁয়া উঠতে থাকে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। বিএনপির কর্মসূচি বানচাল করার জন্য এ ঘটনা ঘটানো হতে পারে।

গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের অনুষ্ঠান রয়েছে। আমরা বিএনপির অফিসেই বসে ছিলাম। এ সময় হঠাৎ বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়। আমরা সেখানে গিয়ে দেখি দুটি ঠোঙ্গা এবং ব্যাটারি পড়ে রয়েছে। আমাদের অনুষ্ঠানকে বানচাল করার জন্য কেউ এই বোমা রেখে যেতে পারে। তিনি বোমাবাজদের শনাক্ত করে দ্রুত  আইনের আওতায় আনার জোর দাবি জানান।

স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দ হয়। ধারণা করা হচ্ছে, গাংনীতে বিস্ফোরণের স্থানে একটি গাছ আছে। সেই গাছের মধ্যে টাইম বোমা রাখা ছিল।

গাংনী থানার ওসি তদন্ত শিমুল কুমার দাস বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত আলামত উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। তবে টাইম বোমা হতে পারে। এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন

×