প্রসূতির মৃত্যুর পর ক্লিনিক সিলগালা
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৩
| প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহের কালীগঞ্জে ক্লিনিকে অবহেলায় মৃত প্রসূতির পেট চিরে নবজাতক শিশু জন্মের ঘটনায় সমকালে খবর প্রকাশের পর টনক নড়েছে প্রশাসনের। ক্লিনিকটি সিলগালা ও ক্লিনিক কর্তৃপক্ষকে এক লাখ টাকা অর্থদণ্ড করেছে উপজেলা প্রশাসন।
গত রোববার বিকেলে উপজেলার বারবাজারে নিউ গরীব শাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে শিল্পী খাতুন (৩৫) নামের ওই প্রসূতি গৃহবধূর মৃত্যু ঘটে। শিল্পী উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের সাতগাছিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করে সেটি সিলগালা ও মালিক পক্ষকে জরিমানা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমানুল্লাহ আল মামুনসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে ইউএনও নবজাতক শিশুটিকে দেখতে তার নানা বাড়ি উপজেলার সাতগাছিয়া গ্রামে গিয়ে খোঁজ খবর নেন। এ সময় ভুক্তভোগী পরিবারকে ১০ হাজার টাকা সহায়তা করেন তিনি।
নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগ, সম্পূর্ণ সুস্থ অবস্থায় প্রসবের জন্য শিল্পী খাতুনকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। ভর্তির সময় রোগীর শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। সব পরীক্ষা-নিরীক্ষাও ঠিকঠাক ছিল। কিন্তু অপারেশন থিয়েটারে নিয়ে অপারেশনের পর প্রসূতির মৃত্যু হয় বলে জানায় ক্লিনিক পক্ষ।
নিউ গরীব শাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের গাইনি রোগ বিশেষজ্ঞ ও সার্জন ফাতিমা আক্তার দাবি করেন, রোগী উচ্চ রক্তচাপজনিত কারণে শক বা তীব্র জটিলতার শিকার হয়েছিলেন। তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়ার আগেই মৃত্যু হলেও তাৎক্ষণিক অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতক শিশুটিকে বাঁচানো সম্ভব হয়।
নিউ গরীব শাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ইসলাম হোসেনের ভাষ্য, ওটির (অস্ত্রোপচার) আগে শিল্পী খাতুন হঠাৎ বাথরুমে যান। সেখানে তাঁর প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে তাঁকে দ্রুত অপারেশন থিয়েটারে নেওয়া হলে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুন জানান, প্রসূতির মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে ক্লিনিকটি সিলগালাসহ জরিমানা করা হয়েছে। তিনি জানান, বিষয়টি আরও তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কালীগঞ্জ ইউএনও রেজওয়ানা নাহিদ জানান, প্রসূতির মৃত্যু নিয়ে অবহেলার অভিযোগে ক্লিনিকটি সিলগালাসহ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অপারেশনে দায়িত্বরত চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষকে তলব করা হয়েছে।
- বিষয় :
- মৃত্যু