ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ফুটপাতে দোকান বসানো ও চাঁদাবাজি ঘিরে দুদিন ধরে উত্তেজনা

ফুটপাতে দোকান বসানো ও চাঁদাবাজি  ঘিরে দুদিন ধরে উত্তেজনা
×

সিদ্ধিরগঞ্জেরপুল এলাকায় ফুটপাতে দোকান বসানো ও চাঁদাবাজির চেষ্টার প্রতিবাদে গতকাল সোমবার সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বিক্ষোভ সমকাল

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৭

| প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জেরপুল এলাকায় ফুটপাতে দোকান বসানো ও চাঁদাবাজির অভিযোগে দুদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এক পক্ষ আরেক পক্ষকে চাঁদাবাজ আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বহিষ্কৃত এক বিএনপি নেতার বিরুদ্ধে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আগের দিন সন্ধ্যায় এ পক্ষের বিরুদ্ধে মিছিল করেন ওই বহিষ্কৃত নেতার সমর্থকরা। এদিকে পক্ষ দুটির এমন অবস্থানকে কেন্দ্র করে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।

সিদ্ধিরগঞ্জেরপুল এলাকার ব্যবসায়ীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নাসিক ১ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ (বহিষ্কৃত) ও তাঁর ছোট ভাই কামাল হোসেন দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জেরপুল এলাকায় সরকারি জায়গা অবৈধভাবে দখল করে দোকানপাট ও ভ্যানগাড়ি বসিয়ে চাঁদাবাজি করছিলেন। শতাধিক ফুটপাতের দোকান, তরকারি বিক্রির ভ্যানগাড়ি থেকে দৈনিক ভিত্তিতে চাঁদা নিতেন তারা। গত ২৪ এপ্রিল আজিজুল হক নামে এক দোকানি চাঁদা দিতে অস্বীকার করলে সালাউদ্দিন ও কামাল হোসেন তাঁকে মারধর ও দোকান ভাঙচুর করেন। এ ঘটনায় সালাউদ্দিন ও কামালকে আসামি করে  আজিজুল হক সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ ২৬ এপ্রিল সালাউদ্দিনকে গ্রেপ্তার করলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৫ মে তাঁকে বিএনপি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। সম্প্রতি কারাগার থেকে ছাড়া পেয়ে আবার চাঁদাবাজি শুরু করেছেন তিনি। 

ফল বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, সালাউদ্দিন ও কামাল চাঁদা না দিলে মারধর করতেও দ্বিধাবোধ করতেন না। গত বছর শিক্ষার্থীরা কামালকে চাঁদাবাজির সময় ধরে সোনাবাহিনীর কাছে সোপর্দ করেন। তবুও চাঁদাবাজি বন্ধ হয়নি তাদের।
এদিকে ২৭ আগস্ট সিটি করপোরেশনের উদ্যোগে সিদ্ধিরগঞ্জেরপুল এলাকার শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। অভিযোগ উঠেছে সেখানে আবার দোকান বসানোর পাঁয়তারা করছেন সালাউদ্দিন আহমেদ। এ অবস্থায় গত রোববার সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রওশন আলী, নাসিক ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, মহানগর যুবদল সদস্য শহিদুল ইসলাম ও জুয়েল রানাসহ নেতারা সিদ্ধিরগঞ্জেরপুল গিয়ে সালাউদ্দিনকে অবৈধ দোকান বসানো ও চাঁদাবাজির বিরুদ্ধে শাসিয়ে দেন। 
একাধিক নেতা অভিযোগে জানান, এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বহিষ্কৃত নেতা সালাউদ্দিনের পক্ষে কথা বলতে গেলে বিএনপি ও যুবদলের নেতারা এর প্রতিবাদ করেন। 

এ ঘটনার পর গত রোববার সন্ধ্যায় সালাউদ্দিনের নেতৃত্বে তাঁর অনুসারীরা মহানগর যুবদল সদস্য শহিদুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেন।
গতকাল সোমবার সকালে সিদ্ধিরগঞ্জেরপুল এলাকায় এম এ হালিম জুয়েল, বিএনপি নেতা রওশন আলী, গাজী মনির হোসেন, জুয়েল রানা, শহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী সালাউদ্দিনের চাঁদাবাজির বিরুদ্ধে জুতা মিছিল করেন। বিক্ষোভ শেষে এক সমাবেশে নেতারা সালাউদ্দিনকে হুঁশিয়ারি করে বলেন, সিদ্ধিরগঞ্জেরপুল এলাকায়  সড়ক ও ফুটপাতের কোন দোকানপাট থেকে কেউ চাঁদাবাজি করলে তাঁকে আইনের হাতে সোপর্দ করা হবে।  
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম বলেন, বিএনপির নাম ভাঙিয়ে সালাউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জেরপুল এলাকার শতাধিক দোকানপাট থেকে দৈনিক ভিত্তিতে চাঁদা নিয়েছেন। এতে দলের দুর্নাম হয়েছে। দল থেকে বহিষ্কার করার পরও তিনি চাঁদাবাজি অব্যাহত রাখায় আমরা থানা বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠন একমত পোষণ করে চাঁদাবাজি বন্ধ করেছি। 
মহানগর যুবদলের সদস্য জুয়েল রানা বলেন, সালাউদ্দিন তাঁর পক্ষে কথা বলার জন্য নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে এনেছিলেন। তিনি কথা বলতে গেলে আমরা সবাই প্রতিবাদ করি।

স্থানীয়দের ভাষ্য, সিদ্ধিরগঞ্জেরপুল এলাকায় শতাধিক দোকানপাট থেকে প্রতি মাসে কয়েক লাখ টাকা চাঁদা তোলা হতো। দোকান বসানো বাবদ এককালীন ৩ লাখ থেকে ৫ লাখ টাকা নেওয়া হতো। 
নাসিক ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন বলেন, আমরা বিএনপি ও যুবদলের নেতারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধিরগঞ্জেরপুল এলাকার উত্তর পাশে লেকপাড়ে কেউ দোকানপাট বসালে আপত্তি নেই। তবে ফুটপাত ও সড়ক দখল করে দোকানপাট বসানো যাবে না এবং কেউ চাঁদাবাজি করলে তাঁকে আইনের কাছে সোপর্দ করা হবে। 
বহিষ্কৃত বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে। 
অভিযোগের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বলেন, বিএনপির বহিষ্কৃত সালাউদ্দিনের পক্ষ হয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। এটা মিথ্যা ও বানোয়াট কথা। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক আমাকে সিটি বাজার করে দেওয়ার জন্য বলেছেন। আমি সিদ্ধিরগঞ্জ পুলের লেকপাড়ে সিটি বাজার করে দিয়েছি। 
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, যারা বিশৃঙ্খলা করবে, চাঁদাবাজি করবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এর আগে বিশৃঙ্খলা সৃষ্টি করায় অনেককে দল থেকে বহিষ্কারও করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, এ রকম কোনো বিষয় নিয়ে কেউ থানায় অভিযোগ করেনি। তাই এ বিষয়ে আমি কিছু জানি না।
 

আরও পড়ুন

×