গৌরনদীতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
প্রতীকী ছবি
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ০২:৫৮
বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশালের গৌরনদীতে শুক্রবার সকালে ও বৃহস্পতিবার দিবাগত রাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় ও বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কটকস্থল এলাকায় পৃথক ওই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে। এতে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় নিহত দুজন হলেন—গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের আরাফাত রহমান বাবু (৩২) এবং বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজকর এলাকার মেহেদী হাসান তুরাগ (৩২)। গুরুতর আহত আসাদুল ইসলাম (৩১) গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ বিজয়পুর এলাকায় শারমিন ক্লিনিকের সামনে ঢাকা থেকে কুয়াকাটাগামী তাজবী পরিবহনের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক আরাফাত রহমান বাবু ও আরোহী আসাদুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আসাদুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, তাজবী পরিবহনের যাত্রীবাহী বাসটি দুর্ঘটনাস্থলের স্পিডব্রেকার অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কটকস্থল এলাকায় আরেকটি দুর্ঘটনায় নিহত হন মেহেদী হাসান তুরাগ। তিনি পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিশতির ছোট ভাই।
তুরাগের মোটরসাইকেল যাত্রার সঙ্গী, তার বন্ধু তরিকুল ইসলাম জানান, তারা ৪ জন বন্ধু মিলে দুটি মোটরসাইকেলযোগে রাজধানী ঢাকা থেকে বাবুগঞ্জের গ্রামের বাড়িতে ফিরছিলেন। তাদের মোটরসাইকেল দুটি গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় পৌঁছালে মহাসড়কের মাঝখানে থাকা একটি খাদে তুরাগের মোটরসাইকেলটি পড়ে যায়। ড এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সামনে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পৃথক দুটি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শরিফুল ইসলাম জানান, শুক্রবার সকালের সংঘটিত দুর্ঘটনায় জড়িত যান দুটি আটক করা হয়েছে। তবে বৃহস্পতিবার রাত আড়াইটার দুর্ঘটনায় জড়িত ট্রাকটি ঘটনাস্থল থেকে দ্রুত চলে যাওয়ায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি। তবে দুটি দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা