ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

পদ্মায় হার্ডিং ব্রিজের পিলারে নৌকার ধাক্কা, ছাত্রদলের সদস্যসচিব নিখোঁজ

পদ্মায় হার্ডিং ব্রিজের পিলারে নৌকার ধাক্কা, ছাত্রদলের সদস্যসচিব নিখোঁজ
×

রাকিবুজ্জামান রকি

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ০১:৫৫

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকা ভ্রমণে এসে হার্ডিং ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে নিখোঁজ হয়েছেন ঝিনাইদহ জেলার শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব রাকিবুজ্জামান রকি। শুক্রবার রাত ৯টা ১০ মিনিটের দিকে ১২৩ জন যাত্রী বহনকারী বাল্কহেডের সঙ্গে হার্ডিং ব্রিজের পিলারের ধাক্কায় প্রথমে ৩ জন নিখোঁজ হন। পরবর্তীতে দুইজনকে উদ্ধার করা হলেও রাত সাড়ে ১২টা পর্যন্ত রকি নিখোঁজ ছিল।

নৌকা ভ্রমণে আসা যাত্রীদের থেকে জানা যায়, ঝিনাইদহের শৈলকুপা কাতলা গাড়ি ঘাট থেকে ১২৩ ভ্রমণকারী নিয়ে তারা ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ মাজারে বেড়াতে আসে। এছাড়াও ওই নৌকাতে মাঝিসহ আরও বেশ কয়েকজন লোক ছিল। মাজার বেড়ানো শেষে রাত ৯টা ১০ মিনিটের সময় তারা হার্ডিং ব্রিজের কাছে পৌঁছায়। এ সময় স্রোতের প্রচণ্ড ধাক্কায় হার্ডিং ব্রিজের ৪ নম্বর পিলারের সঙ্গে বাল্কহেডের পেছনের অংশের ধাক্কা লাগে। এতে রকি, লিটন ও ওহাব নামে তিনজন পড়ে যায়। লিটন ও ওহাবকে উদ্ধার করা সম্ভব হলেও রকি নিখোঁজ রয়েছে। ঘটনাস্থলে ঈশ্বরদী ফায়ার সার্ভিস, ভেড়ামারা ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ যৌথভাবে কাজ করছে।

রকির বন্ধু আনিসুজ্জামান বলেন, সে যখন নৌকা থেকে পড়ে গেল, আমি তাকে ধরতে গিয়েছিলাম কিন্তু পারিনি। সে যথেষ্ট শক্তি-সামর্থ্যবান ছেলে। সাঁতারে যথেষ্ট দক্ষতা আছে, আশা করছি ফিরে আসবে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, রকিকে উদ্ধারের জন্য নৌ-পুলিশ, ফায়ার সার্ভিসসহ বেশ কিছু ইউনিট কাজ করছে। বিষয়টি আমরা নজর রাখছি।

ঘটনাস্থলে উপস্থিত ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিরুল আরাফাত সমকালকে বলেন, ইতোমধ্যে নিখোঁজ দুজন লিটন ও ওহাবকে উদ্ধার করা হয়েছে। রাত্রি হওয়ায় উদ্ধারকাজ কঠিন হচ্ছে। রকিকে উদ্ধারের জোর প্রচেষ্টা চালাচ্ছে বিভিন্ন ইউনিট। আমরা প্রশাসনের সকল ইউনিট ঘটনাস্থলে উপস্থিত রয়েছি।
 

আরও পড়ুন

×