পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ ১০ জনকে উদ্ধার করল বিএসএফ
রাতের মধ্যেই দেশে ফিরিয়ে আনার চেষ্টা বিজিবির
পদ্মা নদী/ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২২:০২
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় ১০ জন নিখোঁজ হন। পরে তাদের উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ব্যক্তিদের রাতের মধ্যেই দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নাজির হোসেন।
তিনি বলেন, সদর উপজেলার বাখরআলী ঘাট থেকে ডিঙি নৌকায় জহরপুর ক্যাম্পের ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় আসছিল ১১-১২ জনের একটি দল। এ সময় ডিঙি নৌকাটি ডুবে যায়। সাঁতার কেটে একজন তীরে উঠতে সক্ষম হলেও বাকি ১০-১১ জন ভেসে ভারতীয় সীমান্ত এলাকায় প্রবেশ করেন। পরে তাদের খানদোহা ক্যাম্পের বিএসএফ সদস্যরা উদ্ধার করেন। তারা এখন ভারতের বিএসএফের কাছে আছেন বলে শুনেছি।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ১০ জনকে উদ্ধার করেছেন বিএসএফের খানদোহা ক্যাম্পের সদস্যরা। আমরা তাঁদের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের রাতের মধ্যেই ফেরত আনার চেষ্টা চলছে।