ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

দে‌বিদ্বা‌রের ‘লেডি ডন’ লাইলি এবার ইয়াবাসহ গ্রেপ্তার

দে‌বিদ্বা‌রের ‘লেডি ডন’ লাইলি এবার ইয়াবাসহ গ্রেপ্তার
×

লাইলি

দে‌বিদ্বার (কু‌মিল্লা) প্রতি‌নি‌ধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৪৯

কুমিল্লার দেবিদ্বারে আলোচিত ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেল চক্রের মূল হোতা হিসেবে পরিচিত ‘লেডি ডন’ লাইলিকে এবার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৩টার দিকে নিউ মার্কেট এলাকার ‘আহসান মঞ্জিল’ এর ভাড়া বাসায় অভিযান চালিয়ে তা‌কে আটক করা হয়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে রান্নাঘরের চালের ড্রামের ভেতর থেকে ১৫ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করে। আজ শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে শনিবার বিকেলে সাংবাদিকরা থানায় ছবি ও তথ্য সংগ্রহ করতে গেলে তিনি সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন এবং তার ছবি তুলতে বাধা দেন।

লাইলি আক্তার (৪২) দেবিদ্বার উপজেলার ঘোষঘর গ্রামের আব্দুর রশিদ মিয়ার মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লাইলি আক্তারের বিরুদ্ধে দেবিদ্বারে অসামাজিক কার্যকলাপ ও হানি ট্র্যাপ, ব্ল্যাকমেলসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। কয়েক মাস আগে স্কুলশিক্ষক মোকবল হোসেন‌কে আটক করে মারধর ও হানি ট্র্যাপে ফেলে পর্নোভিডিও ধারণের অভিযোগে লাইলিকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় স্কুল শিক্ষক মোকবল হোসেন বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি মামলা করেন। ওই মামলায় পাঁচ মাস পর তিনি জামিনে বের হয়ে আবার অবৈধ কার্যকলাপে লিপ্ত হন। 

লাইলির দেবিদ্বার ভাড়া বাসা আহসান মঞ্জিলের মালিক আহসানুল হক রাজিব বলেন, লাইলিকে বাড়ি ছাড়ার জন্য কয়েকবার নোটিশ করা হয়েছে। এতদিন সে অন্যত্র বাসা খুঁজে পাচ্ছিলো না। সে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত সময় নিয়েছে। রুমের মালামাল নিয়ে যাওয়ার জন্য তার মায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। এ মাসের ৩০ তারিখের মধ্যে মালামাল না নিয়ে গেলে আমি পুলিশের সহযোগিতা চাইব। 

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ম‌নিরুজ্জামান বলেন, গ্রেপ্তার লাইলির বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে একটি পর্নোগ্রাফি মামলা বিচারাধীন রয়েছে। কয়েকদিন আগে ওই মামলায় সে জামিনে বের হয়। আজ শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়ে‌ছে।

আরও পড়ুন

×