চট্টগ্রামে বৌদ্ধবিহারে ভোর রাতে ডাকাতের হানা, অর্থ-জিনিস নিয়ে চম্পট
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৪৩
চট্টগ্রামের চন্দনাইশে উপজেলার দক্ষিণ হাসিমপুর বিজয়া রামবিহারে বৌদ্ধবিহারে ডাকাতি ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে মুখোশ পরা অস্ত্রধারী ডাকাতরা বিহারে হানা দেয়। ভিক্ষুকে জিম্মি করে টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে জানিয়েছে বিহার কর্তৃপক্ষ।
বৌদ্ধবিহারটির ভিক্ষু জ্ঞান রক্ষিত বলেন, প্রতিদিনের মতো ভোর চারটার দিকে ধর্মীয় কার্যাদি করার জন্য আমার কক্ষের দরজা খুলি। দরজা খোলার সঙ্গে সঙ্গে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে কক্ষে ঢুকে পড়েন। আমাকে খাটে বসিয়ে রেখে আলমারির চাবি ছিনিয়ে নেন অস্ত্রধারীরা। আলমারি খুলে নগদ ৩০ হাজার টাকা, একটি সাউন্ড বক্সসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ডাকাতেরা যাওয়ার সময় কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে দেন। পাশের কক্ষের দুই শ্রমণকে ঢেকে দরজা খুলেছি।
তিনি আরও জানান, অস্ত্রধারীরা কক্ষে ঢুকেই আমাকে জিম্মি করে বলেন, একদম চুপ করে বসে থাকেন। কোন কথা বলবেন না। কথা বললে, চিৎকার দিলে আপনার সমস্যা হবে। ভয়ে আমি চুপ করে ছিলাম।
চন্দনাইশ থানার ওসি এস এম দিদারুল ইসলাম বলেন, পুলিশ ডাকাতির অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিহার কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। সেই অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
- বিষয় :
- চট্টগ্রাম